আবারও বিতর্কে ‘সিন সিটি টু’
বিতর্ক যেন পিছু ছাড়ছে না মুক্তির অপেক্ষায় থাকা ‘সিন সিটি: আ ডেইম টু কিল ফর’ সিনেমাটির। নতুন ট্রেইলার প্রকাশিত হবার পর সেটি ‘টেলিভিশনে প্রচারের জন্য অতিরিক্ত যৌনউদ্দীপক’ - এমন অভিযোগ তুলে সেটির প্রচার বন্ধ করে দিয়েছে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ‘এবিসি’।
মে মাসে সিনেমাটির পোস্টারে ফরাসি অভিনেত্রী এভা গ্রিনের নগ্ন উপস্থাপনে, উঠেছিল অশ্লীলতার অভিযোগ। এ ব্যাপারে ‘দ্য মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র বক্তব্য ছিল, “পোস্টারটি জনসম্মুখে প্রচারের জন্য ক্ষতিকর”।
নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদ সংস্থা ‘পেইজ সিক্স’ জানিয়েছে, সাদা একটি স্বচ্ছ পোশাক পরিহিতা গ্রিনের উপস্থিতির মাধ্যমে ট্রেইলারটিতে নগ্নতা প্রদর্শীত হয়েছে। আর তাতেই এবিসি নিষেধাজ্ঞা দিয়েছে ট্রেইলারটি প্রচারের ব্যাপারে।
অবশ্য পোস্টার বিতর্কে ক্ষুব্ধ গ্রিন মার্কিন ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারকে জানিয়েছেন, “আমি বুঝতে পারছি না এত বিতর্কের কারণ কী, যেখানে আমি একেবারেই নগ্ন না। বরং, পোস্টারটি আমার কাছে সুন্দর এবং শৈল্পিক লেগেছে। কিন্তু এতে যদি মানুষ হতাশ হয়, তবে সে ব্যাপারে আমার কিছুই করার নেই”।
ফ্র্যাঙ্ক মিলার পরিচালিত ২০০৫ সালের সিনেমা ‘সিন সিটি’-এর সিকুয়াল ‘সিন সিটি: আ ডেইম টু কিল ফর’ মুক্তি পাচ্ছে ২২শে অগাস্ট।
