২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ বছর পর একসঙ্গে জেমস-বাপ্পা

দীর্ঘ ১৬ বছর পর বাপ্পা মজুমদারের সুরে গাইলেন জেমস। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমার জন্য ‘তোর আমার প্রেম ছিল বন্ধু পুরোটাই পাপ’ শিরোনামের গানে বাপ্পার সুরে গাইলেন তিনি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 04:48 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

ঢাকাই সিনেমাতে পাওলি

শুধু তাই নয়, এ গানে জেমসকে পারফর্ম করতে দেখা যাবে। এর আগে বলিউডি সিনেমা ‘লাইফ ইন আ মেট্রো’র গানে দেখা গেছে জেমসকে।

সিনেমার পরিচালক হাসিবুর রেজা কল্লোল গ্লিটজকে জানান, ‘সত্তা’ সিনেমার জন্য এ গানটি লিখেছেন সোহানী হোসেন। সোহানীর ‘মা’ গল্প অবলম্বনেই নির্মিত হচ্ছে ‘সত্তা’ সিনেমাটি। বৃহস্পতিবার রাতে গানটির রেকর্ডিং হয়েছে।

এর আগে ১৯৯৮ সালে একটি মিক্সড অ্যালবামের জন্য ‘সুরের টানে’ শিরোনামে একটি গানের সংগীতায়োজন করেছিলেন বাপ্পা। গানটি লিখেছিলেন মাস মাসুম। দীর্ঘদিন পর ‘প্রিয় গায়ক’ জেমসের সঙ্গে কাজ করতে পেরে ভীষণ খুশি বাপ্পা।

“জেমসের মতো বড়মাপের একজন শিল্পীর জন্য সংগীতায়োজন করতে পারা বড় সৌভাগ্যের।  গানটির ব্যাপারে জেমস যথেষ্ট নিবেদিতপ্রাণ ছিলেন। সুর, আবেগ সবমিলিয়ে দারুণ একটি গান হয়েছে এটি।”

এ গানটির ব্যাপারে জেমসের মতামত জানার চেষ্টা করেছিল গ্লিটজ। কিন্তু তার ব্যক্তিগত মোবাইলে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ সিনেমাতে কণা, মিলাসহ আরও অনেকে গান গেয়েছেন।

প্রয়াত অভিনেতা মান্নার ‘মনের সাথে যুদ্ধ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলা সিনেমাতে প্লেব্যাক করেন জেমস। ‘আসবার কালে আসলাম একা’ গানটি বেশ সাড়াও ফেলেছিল। এরপর তিনি ‘মাটির ঠিকানা’ সিনেমাতেও প্লেব্যাক করেছেন। সম্প্রতি তিনি গেয়েছেন সাফিউদ্দিন সাফির ‘ওয়ার্নিং’ সিনেমাতে। এছাড়াও ভারতীয় সংগীত পরিচালক প্রীতমের জন্য প্লেব্যাক করেছেন বেশ কিছু হিন্দি সিনেমায়ি। ‘গ্যাংস্টার’ সিনেমায় ‘হামারি আধুরি কাহানি’, ‘ও লামহে’ সিনেমায় ‘চাল চালে আপনে ঘার’ এবং ‘লাইফ ইন আ মেট্রো’ সিনেমায় গেয়েছেন ‘আলভিদা’ গানটি। প্রতিটি গানই বেশ জনপ্রিয়তা পায়।

পরিচালক কল্লোল জানিয়েছেন, সেপ্টেম্বরের শুরুতে ‘সত্তা’ সিনেমার শুটিং শুরু হবে। সিনেমার মুখ্য চরিত্র ‘শিখা। এ চরিত্রে পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দামের অভিনয় করার কথা রয়েছে। তার বিপরীতে ‘সবুজ’ চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।