বন্ধুত্ব নিয়ে সেরা দশ হিন্দি গান
‘শোলে’র সেই বিখ্যাত গান ‘ইয়ে দোস্তি’ থেকে শুরু করে ‘দিল চাহতা হ্যায়’- হিন্দি সিনেমার গানে বহুবারই বেজে উঠেছে বন্ধুত্বের সুর। বলিউডের সেরা ১০ টি বন্ধুত্বের গান নিয়ে এবারের আয়োজন।
১. ইয়ে দোস্তি (শোলে)
বন্ধুত্ব নিয়ে গানের বিষয়টি আসলেই প্রথমেই মনে পড়ে যায় ‘ইয়ে দোস্তি’- গানটির কথা। ১৯৭০ সালের আইকনিক সিনেমা ‘শোলে’তে একে অন্যের পরম বন্ধু হিসেবে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র। খোলা রাস্তায় মোটরসাইকেলে করে জয়-ভিরুর সেই গানটি অন্য মাত্রা পেয়েছিল মান্না দে আর কিশোর কুমারের যুগলবন্দীতে। বলিউডের সর্বকালের সেরা গানগুলোর কাতারে থাকা এই গানটি আজও সবার কাছে পৌছে দেয় বন্ধুত্বের বার্তা।
২. আরে ইয়ারো মেরে পেয়ারো (যো জিতা ওহি সিকান্দার)
আমির খান অভিনীত কামিং অফ এইজ রোমান্টিক-ড্রামা ‘যো জিতা ওহি সিকান্দার’ বলিউডকে উপহার দিয়েছিলো ‘পেহলা নেশা’-এর মতো রোমান্টিক গান। তবে কলেজ পড়ুয়া আমির এবং তার বন্ধুদের গান ‘আরে ইয়ারো মেরে পেয়ারো’ও সে সময় সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন উদিত নারায়ন এবং ভিজেতা পান্ডিত। সেই সঙ্গে গানের তালে আমির আর তার বন্ধুদের নাচও জনপ্রিয় হয়েছিল বেশ।
৩. তেরে জ্যায়সা ইয়ার কাহা (ইয়ারানা)
সত্তরের দশকে অমিতাভ বচ্চন অভিনীত অনেকগুলো সিনেমাতেই অ্যাকশন, রোমান্সের পাশাপাশি বন্ধুত্বও উঠে এসেছে সিনেমার অন্যতম উপাদান হিসেবে। ‘ইয়ারানা’ সিনেমার বিষয়বস্তুই ছিল দুই বন্ধুর সম্পর্ক সিনেমায় অমিতাভের বন্ধু হিসেবে অভিনয় করেছিলেন প্রয়াত আমজাদ খান। সিনেমার এক পযর্ায়ে মানসিক ভারসাম্যহীন বন্ধুকে উদ্দেশ্য করে আবেগাপ্লুত অমিতাভ গাইতে শুরু করেন ‘তেরে জ্যায়সা ইয়ার কাহা’- গানটি। এই গানে কন্ঠ দিয়েছিলেন কিশোর কুমার।
৪. দিয়ে জালতে হ্যায় (নামাক হারাম)
রাহুল দেব বর্মণের সেরা গানগুলোর একটি হিসেবে ধরা হয় এই গানটিকে। কিশোর কুমারের কণ্ঠে এই গানটিতে পর্দায় ঠোঁট মেলান প্রয়াত অভিনেতা রাজেশ খান্না। সিনেমায় তার বন্ধুর ভূমিকায় অভিনয় করা অমিতাভ বচ্চনকে উদ্দেশ্য করেই গানটি গেয়েছিলেন তিনি।
৫. ইয়ারি হ্যায় ঈমান মেরা (জাঞ্জির)
অমিতাভ বচ্চন অভিনীত আরেকটি বিখ্যাত সিনেমা ‘জাঞ্জির’-এ খলনায়ক থেকে নায়কের বন্ধু বনে যওয়া রাশভারী পাঠানের চরিত্রে প্রাণের অভিনয় এখনও মনে রেখেছে বলিউড। কিছুদিন আগেই না ফেরার দেশে চলে যাওয়া এই অভিনেতা তার বন্ধু অমিতাভের উদ্দেশ্যে গেয়েছিলেন এই গানটি। মান্না দের কন্ঠে এই গানটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল সে সময়।
৬. সালামাত রাহে দোস্তানা হামারা (দোস্তানা)
দীর্ঘদিন ধরে বাস্তবজীবনের বন্ধু ও একসময়ের সতীর্থ দুই সিনিয়র অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং অমিতাভ বচ্চন যেন নিজেদের সম্পর্ককেই পর্দায় তুলে ধরেছিলেন ১৯৮১ সালের সিনেমা ‘দোস্তানা’র মাধ্যমে। সিনেমায় দুই বন্ধুর গাওয়া এই গানে কণ্ঠ দিয়েছিলেন দুই কিংবদন্তী শিল্পী মোহাম্মদ রাফি এবং কিশোর কুমার।
৭. দিল চাহতা হ্যায়- টাইটেল সং
আধুনিক যুগে শহুরে পরিবেশে বেড়ে ওঠা তরুণদের বন্ধুত্ব কেমন হয়- নিজের প্রথম সিনেমা ‘দিল চাহতা হ্যায়’তে সেটা বেশ ভালভাবে বুঝিয়ে দিয়েছিলেন ফারহান আখতার। বিশেষ করে তিন বন্ধু আকাশ, সিড আর সামিরের মধ্যকার সম্পর্ক, জীবন নিয়ে স্বপ্ন, উচ্চাশা আর পাগলামি- সবই উঠে এসেছে শঙ্কর মাহাদেভানের গাওয়া এই গানে। এই তিন তরুণের চরিত্রে অভিনয় করা আমির খান, আকশায় খান্না এবং সাইফ আলি খানের উদ্দাম জীবন-যাপন আর পাগলামি ভরা স্বপ্নের এই গানটি দারুণ সাড়া ফেলেছিল তরুণদের মাঝে। এখনও পযর্ন্ত তারুণ্যভরা বন্ধুত্বের গান হিসেবে হিন্দি সিনেজগতে সমাদৃত এই গানটি।
৮. যানে নেহি দেঙ্গে তুঝে (থ্রি ইডিয়টস)
বলিউডের সর্বকালের অন্যতম ব্যাবসাসফল সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর গল্পও বন্ধুত্ব নির্ভর। বন্ধুত্ব, তারুণ্য আর বাঁধাধরা নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে আসার স্বপ্ন নিয়েই মুলত আবর্তিত হয়েছে ২০০৯ সালের এই সিনেমার প্রতিটি গান। সবগুলি গানের ভেতরে ‘যানে নেহি দেঙ্গে তুঝে’ গানটি অবশ্য একটু বিশেষত্বের দাবি রাখে। কারণ সোনু নিগমের কণ্ঠে আবেগময় এই গানটি শোনা যায় সিনেমার খুবই স্পর্শকাতর এক মুহূর্তে। প্রচণ্ড পড়ার চাপ সইতে না পেরে আত্মহত্যায় মুক্তি খোঁজার চেষ্টা করা শারমান জোশিকে বাঁচাতে তার দুই বন্ধু আমির খান আর মাধাভানের চেষ্টার বয়ান এই গানটি।
৯. ইয়ারো (রকফোর্ড)
‘ইয়ারো, দোস্তি, বাড়ি হি হাসিন হ্যায়! ইয়ে না হো তো, কেয়া ফির, বোলো ইয়ে জিন্দেগি হ্যায়!’- বন্ধুত্বের মতো অসাধারণ একটি সম্পর্ক আছে বলেই জীবন এতো সুন্দর। আর তাই বোর্ডিং স্কুলে দুই কিশোরের গল্প নিয়ে তৈরি রকফোর্ড সিনেমার এই গানটিকে শ্রোতারা মনে রেখেছে এর সহজ-সরল কিন্তু দারুণ সুন্দর কথা আর সুরের জন্য। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কেকে।
১০. কাভি কাভি আদিতি (জানে তু ইয়া জানে না)
কলেজের দুই বন্ধু জয় আর আদিতি। আদিতির যেকোন কিছুতে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত জয়। আর তাই পোষা বিড়ালের মৃত্যুতে আদিতি যখন শোকে মুহ্যমান, তখনই বন্ধুর মুখে হাসি ফোটাতে জয় হাজির হয় নানা রকমের কাণ্ড আর এই গানটি নিয়ে।
ইমরান খানের অভিষেকের সিনেমা ‘জানে তু ইয়া জানে না’-এর গল্প জয় আর আদিতির বন্ধুত্ব থেকে ভালবাসার পথে এগিয়ে যাওয়ার কাহিনী নিয়েই। আর তাই সিনেমার একেবারে শুরুর এই গানটিই দুই বন্ধুর সম্পর্ককে তুলে ধরার জন্য যথেষ্ঠ। এ আর রেহমানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন রাশিদ আলি। মুক্তির পরপরই দারুণ জনপ্রিয় হয়েছিল গানটি।
