১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বন্ধু তোফায়েলের বিদায়ে একটা অধ্যায় শেষ হয়ে গেল’

“সুদীর্ঘ ৬টি বছর ইকবাল হলে কেটেছে পাশাপাশি দুটি রুমে, সুখ দুঃখ হাসি কান্না অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে তোফায়েলকে নিয়ে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 05:07 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

উনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এবং ঢাকাই সিনেমার তারকা অভিনেতা সোহেল রানা ছিলেন বন্ধু।

তোফায়েল আহমেদের চিরপ্রস্থানে ভেঙে পড়েছেন সোহেল রানা; কষ্ট-শোক প্রকাশ করেছেন লেখায়।

মঙ্গলবার ফেইসবুকে দেওয়া এক পোস্টে মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা বলেছেন তাদের বিশ্ববিদ্যালয় জীবনের কথা।   

তিনি লিখেছেন, “না ফেরার দেশে চলে গেলেন বন্ধুবর তোফায়েল আহমেদ।। সুদীর্ঘ ৬টি বছর ইকবাল হলে কেটেছে পাশাপাশি, এর দুটি রুমে সুখ দুঃখ হাসি কান্না অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে তোফায়েলকে নিয়ে।”

প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে বলে জানিয়েছেন সোহেল রানা।

“মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক তোফায়েল, সিরাজ ভাইয়ের প্রিয় তোফায়েল, বঙ্গবন্ধুর প্রিয় তোফায়েল, ইকবাল হলে আমার অন্যতম প্রিয় বন্ধু তোফায়েল শেষ পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেল। ইতিহাসের একটা অধ্যায় শেষ হয়ে গেল। আল্লাহ তোমাকে বেহেস্ত নসিব করুন।”

স্কয়ার হাসপাতালে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগিছেলেন তিনি। গেল বছরের ২৪ সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশের রাজনীতির নানা বাঁক-বদলের সাক্ষী প্রবীণ এই আওয়ামী লীগ নেতা।

সোমবার তাকে দাফন করা হয় ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে।