হল্টের সঙ্গে সম্পর্ক ভাঙ্গলেন লরেন্স
আবারও ভাঙ্গলো জেনিফার লরেন্স-নিকোলাস হল্ট জুটির সম্পর্ক। শোনা যাচ্ছে এবার উদ্যোগ নেন লরেন্স নিজেই।
দীর্ঘদিনের প্রেমিক হল্টের সঙ্গে গত বছরের গ্রীষ্মেই সম্পর্ক জোড়া লাগিয়েছিলেন অস্কারজয়ী এই অভিনেত্রী। বছর ঘুরতে না ঘুরতেই আবার আলাদা হয়ে গেছেন তারা।
যদিও মাস দুয়েক আগেই গুজব উঠেছিল হল্টের সঙ্গে বাগদান সেরেছেন ২৩ বছর বয়সী এই অভিনেত্রী। তার বাম হাতের অনামিকায় নীলকান্তমণির আংটি চোখ এড়ায়নি পাপারাজ্জিদের। যুক্তরাজ্যে হন্যে হয়ে বাড়ি খুঁজছেন এই জুটি, এমন খবরও প্রকাশিত হয়।
২০১১ সালে মারভেল কমিকসের ‘এক্স মেন’ সিরিজের সিনেমা ‘এক্স মেন: ফার্স্ট ক্লাস’ এর সেটে পরিচয় হয় এই দুই তারকার। ‘মিস্টিক’ এবং ‘বিস্ট’ চরিত্র দুইটি রূপদান করা এই দুই তারকা আবারও এক সঙ্গে কাজ করেন এক্স মেন সিরিজের সর্বশেষ সিনেমা ‘এক্স মেন: ডেইজ অফ দ্য ফিউচার পাস্ট’-এ। এই সিনেমার সেটেও বেশ ভালোই ছিল তাদের সম্পর্ক। জনসম্মুখেও এক সঙ্গেই দেখা গেছে দুজনকে।
এই জুটির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, “কাজের চাপে অনেকটা সময় তাদের আলাদা থাকতে হয়েছে। যার ফলে তাদের সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছিল”।
