২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেমার প্রেমে রাজকুমার

রমেশ সিপ্পির নতুন সিনেমা ‘শিমলা মিরচি’তে নায়ক হচ্ছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা রাজকুমার রাও। আর তার নায়িকা হিসেবে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনিকে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস, আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 04:31 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

হিন্দি সিনেমার ‘ড্রিমগার্ল’-এর সঙ্গে এই প্রেমের কাহিনিতে অভিনয় করার সুযোগ পেয়ে বেশ উত্তেজিত রাজকুমার। বললেন, “এটি খুবই ভিন্ন ধরনের একটি সিনেমা হবে। রোমান্টিক কমেডি ধাঁচের হলেও সিনেমাটির কাহিনিটা একদম অন্যরকম।”

তিনি আরও বলেন, “এখনও হেমার সঙ্গে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি। তবে তার সঙ্গে কাজ করা স্বপ্নের চেয়ে কম নয় আমার জন্য।”

‘শিমলা মিরচি’র কাহিনী গড়ে উঠেছে এমন দুই মা এবং মেয়েকে নিয়ে যারা দুজনেই এক পুরুষের প্রেমে পড়েন।

এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন হেমা মালিনি আর তার মেয়ের ভূমিকায় দেখা যাবে ‘ইয়ারিয়া’ খ্যাত অভিনেত্রী রাকুল প্রিত সিংকে। আর দুজনের প্রেমিকের চরিত্রে থাকবেন রাজকুমার রাও।

‘কুইন’ ও ‘সিটিলাইটস’-এর মত সিনেমায় অভিনয় করা এই নায়ক আরও জানালেন তাকে ওজন বাড়াতে বলেছেন ‘শিমলা মিরচি’-এর নির্মাতারা।

“সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হবে শিমলাতে। তবে শুটিং শুরুর আগে আমাকে ওজন বাড়াতে বলা হয়েছে। ওজন বাড়ানোর জন্য এখন আমি অনেক কষ্ট করছি, কারণ আমার আরেকটি সিনেমা ‘সিটিলাইটস’-এর জন্য আমাকে সাত কেজি ওজন কমাতে হয়েছিল।”

‘শিমলা মিরচি’র শুটিং শুরু হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে।