২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দর মেয়ের ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড'

সেলুলয়েডে অভিষেক হতে যাচ্ছে গোবিন্দর মেয়ে নারমাদা আহুজার। ‘সেকেন্ড হ্যান্ড হাসবেন্ড’ নামের এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র৤

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2014, 03:24 PM

Updated : 25 Apr 2022, 04:29 PM

মুম্বাইভিত্তিক দৈনিক মুম্বাই মিরর বলছে, কমেডি ধাঁচের এই সিনেমায় নারমাদার সঙ্গে বলিউডে অভিষেক হবে পাঞ্জাবি গায়ক-অভিনেতা গিপ্পি গারেওয়ালের। সিনেমাটির কাজ শুরু হবে অগাস্ট মাস থেকে।

তারকা বাবা-মায়ের দেখানো পথে হাঁটার প্রচলন মুম্বাই সিনেপাড়ায় গোড়া থেকেই। ভারুন ধাওয়ান, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুরের পর তারকা সন্তানদের কাতারে যোগ দিয়েছেন টাইগার শ্রফ। মুক্তির অপেক্ষায় আছে আদিত্য পাঞ্চোলির ছেলে আর সুনিল শেঠির মেয়ের সিনেমাও।

গোবিন্দর মেয়ে নারমাদার সিনে ক্যারিয়ার শুরুর গুঞ্জন অনেক আগে থেকেই চলছিল বলিউডে। এমনকি গত তিন বছরে নাকি ৩০টি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি৤ 

গোবিন্দর স্ত্রী সুনিতা বলেন, "নারমাদা কখনও চাপের মধ্যে কাজ করতে পছন্দ করে না। হ্যাঁ, তারকা সন্তান হবার কারণে তার প্রতি সবার প্রত্যাশা থাকবে অনেক বেশি, এমনকি বাবার সঙ্গেও তুলনা করা হবে তাকে।"

তিনি আরও জানান, আপাতত শুধুমাত্র কমেডি ধাঁচের সিনেমায় কাজ করার ইচ্ছা আছে নারমাদার। বাবার দেখানো পথেই হাঁটতে চান তিনি।