দুই বছর পর অমিতাভ রেজা
গত দুবছরে একের পর বিজ্ঞাপন তৈরি করেছেন এই নির্মাতা। বার বার বড় পর্দায় পরিচালক হিসেবে আবির্ভুত হওয়ার কথা বললেও আজও তা হয়ে ওঠেনি। এমনকি নাটক নির্মাণেও ক্ষান্ত দিয়েছেন। কেন?
এ প্রশ্নের জবাবে গ্লিটজকে বললেন, “টিভি নাটকের জন্য প্রচুর সময় দিতে হয়।”
তবে শোনালেন আশার কথাও, “টেলিভিশন নাটকের মান নিম্নগামী। ফলে দর্শকও কমে যাচ্ছে। আমরা যারা একসময় টিভি নাটকের কাজ করতাম, তারা সিদ্ধান্ত নিয়েছি টিভির জন্য আবার কাজ করব।”
দুই বছর বিরতির পর তাই এবারের ঈদে ছোট পর্দায় আসছে অভিতাভের নাটক। ‘সারফেস’ নামের নাটকটিতে দশ বছর পর নিয়েছেন অভিনেত্রী সানজিদা প্রীতিকে।
অমিতাভের যৌথ পরিচালনার ধারাবাহিক নাটক ‘স্পর্শের বাইরে’তে অভিনয়ে মাধ্যমে পরিচিতি পান প্রীতি।
নাটকটিতে আরও অভিনয় করেছেন, শাহেদ শরীফ খান ও অদিতি। নাটকটি এসএ টিভিতে প্রচারিত হবে।
অমিতাভ পরিচালিত সর্বশেষ নাটক ‘সময় চুড়ি’ প্রচারিত হয় ২০১২ সালের রোজার ঈদে।
