আসছে নারী 'থর'
সোনালী চুল-দাড়ি সমৃদ্ধ, পেশীবহুল দেবতা থর বদলে যাচ্ছেন। শোনা যাচ্ছে, থর এবার হাজির হচ্ছেন নারীরূপে।
মেয়েদের কমিক পড়ার আগ্রহ বাড়িয়ে তোলার জন্যই মার্ভেল কমিকস এই বিশাল পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে বলে জানানো হয়েছে।
সম্প্রতি বের হওয়া আর্টওয়ার্কে বজ্রদেবতা থরের জায়গায় দেখা গেছে লৌহ বর্মে ঢাকা সোনালী চুলের এক দেবীকে।
মার্ভেল ১৯৬২ সালে কমিকে অভিষেক হয় থরের। স্ক্যান্ডিনেভীয় পুরানের এই দেবতাকে দেখা গেছে 'থর', 'থরঃ দ্য ডার্ক ওয়ার্ল্ড' এবং 'দ্য আভেঞ্জার্স' এর মত ব্লকবাস্টার সিনেমায়। ধারণা করা হচ্ছে ২০১৫ সালে আসা 'দ্য আভেঞ্জার্স' এর নতুন সিনেমাতেও থরকে দেবতা রূপেই দেখা যাবে।
মার্ভেলের এক প্রকাশক জানিয়েছেন, "নিঃসন্দেহে এটা বিশাল এবং দারুণ একটা পরিবর্তন, যা কিনা মার্ভেলের তিনটি প্রধান সুপারহিরো 'ক্যাপ্টেন আমেরিকা', 'আয়রন ম্যান' এবং 'থর' এর গল্পের প্লটে পরিবর্তন আনবে।”
একটি প্রতিবেদনে বলা হয়েছে, "ক্লাসিক হিরো থরকে তার শক্তিশালী হাতুড়ি হাতে আর দেখা যাবে না। নতুন একজন নারী সুপারহিরোর আবির্ভাব ঘটবে"।
নতুন থর সিরিজের লেখক জেসন অ্যারন এই পরিবর্তনের ব্যাপারে একটি বিবৃতিতে জানান, "সে নারী-থর নয়। সে থরিটাও নয়। সেই থর।”
অক্টোবরে নতুন ভাবে থরকে নিয়ে কমিকস বের করবে মার্ভেল, সেটির ইলাস্ট্রেশনে থাকছেন রাসেল ডটারম্যান।
