ফেইসবুক থেকে মেয়ের বিয়ের খবর
গত সপ্তাহে হুট করেই প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন ব্রিটিশ গায়িকা শেরিল কোল। তার বাবা জানালেন, বিয়ের খবর জানতেন না কোলের পরিবারের কেউ।
কোলের ফরাসি স্বামী ৩৩ বছর বয়সী জ্যঁ বারনার্ড ফারনান্দেজ ভারসিনি পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী।
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর বলছে, মাত্র তিন মাস প্রেমের পর হঠাৎ করেই গাঁটছড়া বাঁধেন এই জুটি। ভক্তদের মতো এই ঘটনায় চমকে গেছেন কোলের পরিবারও।
অবশ্য মেয়ের এই সিদ্ধান্তে খুশিই হয়েছেন কোলের বাবা অ্যান্থনি লেইটন। বললেন, "আমি খুবই খুশি তার জন্য। যদি সে ভাল থাকে তবে আমরাও খুশি। আমরা খবরটি জেনেছি ফেইসবুকের মাধ্যমে, শেরিল আমাদের সঙ্গে তেমন একটা কথা বলে না। মাঝেমধ্যে ভাইবোনদের ফোন করে আর কি।"
৩১ বছর বয়সী কোলের এটি হল দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে ফুটবলার অ্যাশলি কোলকে বিয়ে করেছিলেন তিনি, চার বছর পর তাদের বিচ্ছেদ হয়।
