২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরণ্যকের ‘ভঙ্গ বঙ্গ’

আরণ্যক নাট্যদল মঞ্চে আনছে নতুন নাটক ‘ভঙ্গ বঙ্গ’। মামুনুর রশীদের রচনায় নাটকটি নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রশিক্ষণ সম্পাদক ফয়েজ জহির।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 05:41 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

সীমান্তবর্তী মানুষের জীবনকাহিনি নিয়ে নির্মিত এ নাটকে উঠে আসবে দুই বাংলার মানুষের সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের গল্প। রাজনৈতিক প্রেক্ষাপটে ভাগ হয়ে যাওয়া দুই বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যের কথাও তুলে ধরা হবে এ নাটকে।

নির্দেশক ফয়েজ জহির গ্লিটজকে বলেন, “বাংলাদেশের বেনাপোল ও হরিদাসপুর সীমান্তের প্রেক্ষাপট নিয়ে রচিত হয়েছে এ নাটকের গল্প। সীমান্তে বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের গল্প উঠে আসবে এ নাটকে। নাটকে ফুটে উঠবে সীমান্তের নানা অসামাজিক কর্মকাণ্ডের কথাও।”

“কাঁটাতারের বেড়া ডিঙিয়ে সীমান্তবর্তী মানুষ মুক্তি খোঁজে। একের পর এক কাঁটাতারে আটকে যায় তাদের স্বপ্নগুলো। তাদের মুক্তি মেলে মৃত্যুতে। তাদের জীবনবোধের গল্পও তুলে এনেছি এ নাটকে।”

জহির জানান, এ নাটকটি রচনা ও নির্দেশনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যরীতি অবলম্বন করা হয়েছে।

নাটকে ‘বসন্ত রায়’ এবং ‘মালিনী’ চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ এবং তমালিকা কর্মকার। এছাড়া আপেল ‘উদ্ভট’, সাজু ‘যীশু’, রুবলি ‘অপর্ণা’, সাঈদ সুমন ‘রাজা’, সুরভী রায় ‘নেত্রী’, মাকসুদ ‘বাবর’, ছবি ‘নন্দিনী’ চরিত্রে অভিনয় করবেন। 

জহির জানান, ২৩ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির পরীক্ষামূলক প্রদর্শনী হবে। ঈদুল ফিতরের পর নিয়মিত মঞ্চায়নে যাবে নাটকটি।

ফয়েজ জহির আরণ্যকের হয়ে ‘হালুম হালুম’, ‘থিফ অব বাগদাদ’ নাটকগুলোর নির্দেশনা দিয়েছেন। এছাড়া বাংলা থিয়েটারের ‘মানুষ’, ‘চের সাইকেল’, ‘বহে পান্থজন’, বিবর্তন নাট্যদলের ‘পরিবর্তনগাঁথা নাটকগুলোর নির্দেশনা দিয়েছেন তিনি।

বাংলাদেশের গঙ্গা,  ফ্রান্সের সেইন,  থাইল্যান্ডের মেকং নদী,  উগান্ডার নীল নদ,  হংকংয়ের পার্ল নদীর গল্প নিয়ে ফয়েজ জহির নির্দেশনা দিয়েছিলেন ‘অ্যাশেজ অব ব্লাড রিভার’ নাটকটি। পাঁচ দেশের নাট্যরীতি অবলম্বনে নাটকে উঠে এসেছিল লৌকিকতার নানা গল্প। এশিয়ান পিপলস থিয়েটার ফেস্টিভ্যাল সোসাইটির প্রযোজনায় নির্মিত নাটকটির প্রথম প্রদর্শনী হয় হংকংয়ে। তারপর পাঁচটি দেশ ঘুরে নাটকটি মঞ্চস্থ হয় ইংল্যান্ডেও।