২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এইপ’দের দখলে বক্স অফিস

সাইবারট্রনের বাসিন্দা ট্রান্সফরমারদের হঠিয়ে বক্স অফিসের শীর্ষস্থানটি দখলে নিয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডন অফ দ্য প্ল্যানেট অফ দ্য এইপস’। মানব সম্প্রদায়কে সরিয়ে নিজেদের প্রভাব প্রতিষ্ঠার লড়াইয়ের নামা এইপদের নিয়ে তৈরি এই সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্র এবং কানাডার বক্স অফিসে করেছে জমজমাট ব্যবসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 05:34 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিত এইপ সিরিজের নতুন এই সিনেমাটি শুক্র থেকে রবিবারের মধ্যে টিকেট বিক্রি থেকেই আয় করেছে ৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। দুই সপ্তাহ ধরে দাপটের সঙ্গে ব্যবসা করে যাওয়া ‘ট্রান্সফরমার্স: এইজ অফ এক্সটিংশন’ এ সপ্তাহে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।

‘রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য এইপস’ সিনেমার সময়কালের ১০ বছর পর শুরু হওয়া ঘটনাপ্রবাহ নিয়ে তৈরি হয়েছে ‘ডন অফ দ্য প্ল্যানেট অফ দ্য এইপস’। সিজার নামের বুদ্ধিমান এইপের নেতৃত্বে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করতে দেখা যাবে এইপদের। আর থাকবে ভাইরাসের প্রকোপ থেকে বেঁচে যাওয়া কিছু মানুষের সঙ্গে তাদের সম্পর্কের জটিলতার বিষয়টি।

সিজার চরিত্রটি আগের সিনেমার মতই রূপদান করছেন ‘লর্ড অফ দ্য রিংস’ ট্রিলজি খ্যাত তারকা অ্যান্ডি সারকিস।

বুদ্ধিমান ও কথা বলতে পারা বানর অধ্যুষিত এক পৃথিবী যেখানে মানুষদের ধরে নিয়ে খাঁচায় পুরে রাখা হয় - এমনই কাহিনি নিয়ে তৈরি হয় ১৯৬৮ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘প্ল্যানেট অফ দ্য এইপস।’ চার্লটন হেস্টন অভিনীত পরপর পাঁচটি সিনেমার এই সিরিজের প্রথম সিনেমাটি ২০০১ সালে রিমেইক করেন টিম বার্টন। ‘রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য এইপস’ আসে এই সিরিজের প্রিকুয়েল হিসেবে।

‘ডন অফ দ্য প্ল্যানেট অফ দ্য এইপস’ বিশ্বজুড়ে এ পর্যন্ত আয় করেছে ১০ কোটি মার্কিন ডলারে, যা কিনা আগের সিনেমার প্রথম সপ্তাহে আয়ের দ্বিগুণ।

দর্শক জনপ্রিয়তার সঙ্গে ‘ডন অফ দ্য প্ল্যানেট অফ দ্য এইপস’ সমালোচকদের  প্রশংসাও পেয়েছে। ক্রিটিক্স ওয়েবসাইটে সিনেমাটিতে ৯১ শতাংশ নতুনত্ব আছে বলে ভোট করা হয়েছে।

‘ট্রান্সফরমার্স:এইজ অফ এক্সটিংশন’ এখন আছে দুই নম্বরে। কমেডি ঘরানার সিনেমা ‘ট্যামি’ আছে তৃতীয় স্থানে। কমেডি-ড্রামা সিনেমা ‘২২ জাম্প স্ট্রিট’ নেমে গেছে চার নম্বরে। আর অ্যানিমেটেড সিনেমা ‘হাউ টু ট্রেইন ইওর ড্র্যাগন’-এর সিকুয়েল রয়েছে পঞ্চম স্থানে।