তিন দিনেই হিট ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’
মুক্তির তিন দিনের মাথাতেই হিট বলা হচ্ছে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমাটিকে।
আলিয়া ভাট, ভারুন ধাওয়ান অভিনীত এই সিনেমার প্রথম তিন দিনের আয় ৩৩ কোটি ৭৪ লাখ রুপি। নতুন প্রজন্মের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ হিসেবে দাবি করা সিনেমাটি দ্রুতই একশ’ কোটি রুপি আয় করবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে বলছে, ২৯ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রথম তিন দিনে কেবল ভারতে ব্যবসা করেছে ৩৩ কোটি ৭৪ লাখ রুপি। বক্স অফিস বিশ্লেষক তারান আদার্শের টুইট, “হাম্পটি শর্মা কি দুলহানিয়া প্রত্যাশার চেয়েও ভালো ব্যবসা করেছে। শুক্রবার নয় কোটি দুই লাখ, শনিবার ১১ কোটি ২৫ লাখ, রোববার ১৩ কোটি ৪৬ লাখ। সব মিলিয়ে ৩৩ কোটি ৭৪ লাখ।”
বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, উত্তর ভারতেই বেশি ব্যবসা করছে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’। সিনেমার গল্প আহমেদাবাদ আর আম্বালা কেন্দ্রিক হওয়ায় গুজরাট আর পাঞ্জাবের দর্শকদেরই আগ্রহ বেশি সিনেমাটি নিয়ে।
আলিয়ার জন্য টানা চতুর্থ হিট সিনেমা হতে যাচ্ছে এটি। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর চলতি বছর মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত আরও দুটি সিনেমা ‘হাইওয়ে’ এবং ‘টু স্টেটস’। শেষের সিনেমাটিকে বলা হচ্ছে এ বছরের অন্যতম বড় হিট।
ধার্মা প্রোডাকশনসের ব্যানারে আলিয়া-ভারুনের দ্বিতীয় সিনেমার সাফল্যে খুশি প্রযোজক কারান জোহারও। অল্প কয়েকজন অতিথিকে নিয়ে তাই রোববার নিজের বাড়িতে ছোটখাট এক উৎসবেরও আয়োজন করেন এই নির্মাতা।
