২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিহানার জার্মানিপ্রীতি

পর্দা নেমেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর। তবে রয়ে গেছে ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনার রেশ। এবারের চ্যাম্পিয়ন জার্মানির সবচেয়ে বড় ভক্ত হিসেবেই নিজেকে দাবি করছেন মার্কিন পপতারকা রিহানা। জার্মানি-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অসংখ্য টুইট আর ছবিই তার প্রমাণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 05:13 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

৩ কোটি ৬০ লাখ ফলোয়ার নিয়ে টুইটারে জনপ্রিয়তায় উপরের দিকেই আছেন এই পপতারকা। জার্মানি-আর্জেন্টিনার চূড়ান্ত ম্যাচ মাঠে বসেই উপভোগ করেছেন তিনি। আর সেখান থেকেই একের পর এক টুইট এবং ছবি পোস্ট করেছেন। এমনকি খেলার উত্তেজনায় নিজের অনাবৃত দেহের ছবিও টুইটারে পোস্ট করেন তিনি।

তার ক্রমাগত করা টুইটগুলো অনেকে যেমন অনুসরণ করেছেন, অনেকে রিটুইটও করেছেন, অনেকে আবার রেখেছেন পছন্দের তালিকায়। ম্যাচ চলাকালীন করা ৩ কোটি টুইটের পেছনে তারও বড় অবদান রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সেমিফাইনালেই ব্রাজিলীয় খেলোয়াড় রোনালদোর বিশ্বকাপে করা সর্বোচ্চ ১৫টি গোলের রেকর্ড ভেঙে দেওয়া মিরোস্লাভ ক্লোসার জন্য রিহানা জানিয়েছিলেন বিশেষ শুভকামনা। ‘ক্লোসা ফর সেভেনটিন’ লেখা টুইটের মাধ্যমে তাকে আরও একটি গোল করার আবেদন জানান ২৬ বছর বয়সী এই গায়িকা।

আর্জেন্টিনার বারবার কাউন্টার অ্যাটাকে ভীত হয়ে তাদের তুলোধুনো করতেও ছাড়েননি তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে মারিও গোট্‌জে গোল করলে জার্মানির এই ফরোয়ার্ডের নামে টুইটের বন্যা বইয়ে দেন এই তারকা।

জার্মানি ১-০ গোলে ম্যাচ জিতে নেওয়ার পর তিনি টুইট করেন, “এটাই আমার জীবনের সবচেয়ে সেরা দিন।”

এমনকি ম্যাচ শেষে বিশ্বকাপ ট্রফি নিয়ে সেলফিও তুলতে সমর্থ হন তিনি। টুইটারে ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমি কাপটি ছুঁয়ে দেখেছি, তুলে নিয়েছি নিজের হাতে। কাঁপে চুমু খেয়েছি, সেলফি তুলেছি! এর চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে!”

এখানেই শেষ নয়, রিহানার জয়োৎসব। ড্রেসিং রুমে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে ছবিও তোলেন জার্মানির এই ‘বিরাট ভক্ত’। শোয়াইনস্টাইগার, ক্লোজা, ক্রুস, গোট্‌জের সঙ্গে তোলা ছবিগুলোও তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন টুইটারের মাধ্যমে।