'বিগ বস' উপস্থাপক হবেন শাহরুখ?
রিয়েলিটি শো ‘বিগ বস’এর ভারতীয় সংস্করণের পরের সিজনে উপস্থাপক হিসেবে সালমান খানের থাকাটা এখন অনেকটাই অনিশ্চিত। এমন সময়ে সালমান বললেন, তার জায়গা কেবল নিতে পারেন শাহরুখ খান।
অনেকদিন ধরেই গুঞ্জন চলছে, গত চারটি সিজনে উপস্থাপক হিসেবে থাকলেও এবার ‘বিগ বস’- এ নাও ফিরতে পারেন সালমান।
সম্প্রতি সালমানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, "আমি এবারের সিজনে থাকতে পারি, আবার নাও থাকতে পারি।"
‘বিগ বস’এর শেষ সিজনে একজন বিশেষ প্রতিযোগীর বিষয়ে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে।
তাহলে যদি সালমান এবার ‘বিগ বস’এ না থাকেন, তবে কে করবেন উপস্থাপনা?
এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "যদি আমি না হই, তবে আমার মনে হয় শাহরুখ খান হতে পারেন ‘বিগ বস’ - এর জন্য একজন ভাল উপস্থাপক।"
শাহরুখের সঙ্গে কোলাকুলি করে মাত্র কয়েকদিন আগেই সংবাদের শিরোনাম হয়েছিলেন সালমান।
বলিউডের প্রথম সারির এই দুই অভিনেতার বন্ধুত্ব যেমন এক সময় ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল, তেমনই গত সাত বছর ধরে তাদের রেষারেষি নানা সংবাদের জন্ম দিয়েছে।
২০১৩ সালে রাজনীতিবিদ বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে একে অপরকে জড়িয়ে ধরে সম্পর্কের শীতলতা ভাঙ্গেন তারা। সম্প্রতি একই অনুষ্ঠানে আরও একবার কোলাকুলি করেছেন তারা।
