রিডলি স্কটের ‘এক্সোডাস’
প্রধান চরিত্রে ক্রিশ্চিয়ান বেল, জোয়েল এডগার্টনদের মতো ডাকসাইটে তারকারা। গল্পের পটভূমি মিশরীয় ফারাওয়ের সঙ্গে মোজেসের সেই ঐতিহাসিক লড়াই। ক্যামেরার পেছনে রিডলি স্কটের মতো খ্যাতনামা পরিচালক। অ্যকশননির্ভর এপিক মুভি ‘এক্সোডাস’ নিয়ে সিনেমাখোরদের আগ্রহের পারদ তাই উঁচুতেই। সিনেমাটির ট্রেইলার সম্প্রতি প্রকাশ পেয়েছে ইউটিউবে।
‘গ্ল্যাডিয়েটর’, ‘কিংডম অফ হেভেন’-এর মতো ঐতিহাসিক পটভূমিতে নির্মিত অ্যাকশননির্ভর সিনেমা উপহার দেওয়া পরিচালক রিডলি স্কট এবার আসছেন ‘এক্সোডাস’ নিয়ে। সিনেমাটিতে মোজেস চরিত্রটিতে অভিনয় করছেন সাবেক ব্যাটম্যান ‘ডার্ক নাইট’ সিরিজের অভিনেতা ক্রিশ্চিয়ান বেল। আর দ্বিতীয় রামেসিস চরিত্রে দেখা যাবে জোয়েল এডগারটনকে। আরও থাকছেন ‘ব্রেকিং ব্যাড’-খ্যাত তারকা অ্যারন পল, বেন কিংগসলে, জন টরনটুরো প্রমুখ।
এক মিনিট ৩৭ সেকেন্ডের ট্রেইলারে শুরুতেই দেখানো হয় মিশরের বিধ্বস্ত জনপদ। অত্যাচারী শাসকের ধ্বংসযজ্ঞের ভয়াবহতাকে অসাধারণ ভিস্যুয়াল ইফেক্ট দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ট্রেইলারে। মোজেস-দ্বিতীয় রামেসিসের মধ্যকার সংঘাত আর সেই সঙ্গে প্রাচীন মিশরের ডিস্টোপিয়ান পটভূমি অনেকটাই প্রাণবন্ত আর শ্বাসরুদ্ধকর করে উপস্থাপন করা হয়েছে ট্রেইলারে। দর্শকদের জন্য বাড়তি চমক হিসেবে থাকছে সেনাপ্রধানের পোশাকে বেল আর রাজসিক মিশরীয় সাজে এডগার্টনের নজরকাড়া উপস্থিতি।
ওল্ড টেস্টামেন্টের ওপর ভিত্তি করে সিনেমাটি তৈরি হলেও স্কট একেবারে নিজের মতো করেই সাজিয়েছেন ‘এক্সাডাস’-এর ঘটনাপ্রবাহকে। মোজেস আর রামেসিসের মধ্যকার দ্বন্দ্বমুখর সম্পর্কের জটিলতাই উঠে আসবে সিনেমাটিতে। একসঙ্গে বেড়ে ওঠা ছোটবেলার দুই বন্ধু কিভাবে একে অপরের চরম শত্রুতে পরিণত হয়, আর সেখান থেকেই শুরু করে রক্তক্ষয়ী এক যুদ্ধ-- সেটিই সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তুলবেন স্কট।
বছরের অন্যতম আলোচিত এই সিনেমাতে কি ঘটতে যাচ্ছে, সেটা জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
ট্রেইলার দেখতে ক্লিক করুন লিংকে: https://www.youtube.com/watch?v=N4iSzHXOUEE
