আদিত্যর সংসার ভাঙিনি: রানি
ফিসফাস চলেছে বছরের পর বছর, বারবার হতে হয়েছে শত প্রশ্নের মুখোমুখি। তারপরও কখনও হাসি, কখনও পাল্টা প্রশ্নে এড়িয়ে গেছেন রানি মুখার্জি। অবশেষে বিয়ের পর আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের আগের ও পরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন হিন্দি সিনেমার এই অভিনেত্রী।
ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে রানি খুলে দিয়েছেন তার ব্যক্তিগত জীবনের খাতা। জানালেন, আদিত্যর সঙ্গে তার প্রেমের গুঞ্জন যদিও পাঁচ বছর আগে থেকেই চলছে, তাদের প্রেমের সূত্রপাত হয় তিন বছর আগে।
“আদির সাবেক স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরই আমার সঙ্গে তার সম্পর্কের শুরু। সময়টা এমন ছিল, আমরা দুজনই খুব কষ্টে ছিলাম। আর তাই আমাদের ঘনিষ্ঠতা হতে বেশি সময় লাগেনি।”
কিন্তু গণমাধ্যমগুলোতে বারবার এমনভাবে নানা তথ্য তুলে ধরা হয়েছে যাতে মনে হতে পারে আদিত্য চোপড়ার ঘর ভাঙ্গার কারণ আসলে রানিই। এমনটাও শোনা গেছে, আদিত্যর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে রানির ক্যারিয়ারে এসেছে সাফল্য।
এ বিষয়ে রানির বলেন, “নির্দিষ্ট কয়েকজন সাংবাদিক বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে এ ধরনের গুঞ্জনের জন্ম দিয়েছেন। কিন্তু সত্যি কথা বলতে কী, আদির সঙ্গে প্রেম শুরু হওয়ার পর থেকে আমি তার ব্যানারে কোনো সিনেমা করিনি।”
তিনি আরও বলেন, “নিজের প্রযোজকের সঙ্গে কাজ করা আবার প্রেম করা— আমার পক্ষে সম্ভব নয়। তাই হয়ত লক্ষ করবেন, গত তিন বছরে মুক্তি পেয়েছে আমার তিনটি সিনেমা— ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘আইয়া’ এবং ‘তালাশ’-- যার একটিও আদির প্রযোজিত ছিল না।”
তাহলে এতদিন ধরে অন্যের ঘর ভাঙার কারণ হয়ে রইলেন কেন রানি? কেন গণমাধ্যমের সামনে মুখ খোলেননি কখনও?
রানির মতে, তিনি একজন তারকা হলেও তার ব্যক্তিগত জীবনের খবর যখন সংবাদমাধ্যমে প্রচারিত হয়। তখন এর জন্য জবাবদিহি করতে হয় তার পরিবারকেও। আর তাই খুবই ভেবেচিন্তে পা ফেলেছেন তিনি।
“এতটা বছর অনেকেই ভেবেছেন আমি অপরাধী, তাই মুখ খুলছি না। কিন্তু সত্যি কথা হল, আমি কখনই লজ্জিত ছিলাম না কিংবা সংকোচ করিনি। কারও সঙ্গে প্রেম হলে সম্পর্কটি গভীর হতে সময় লাগে। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, বিয়ের পরই মুখ খুলব। যেন আমার জন্য আমার পরিবারকে কোনো জবাবদিহি করতে না হয়।”
রানি জানান, ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় অভিনয়ের সময় থেকেই আদির সঙ্গে পরিচয় তার। বন্ধু হিসেবে সবসময়ই ছিলেন একে অপরের পাশে, তবে তা প্রেমে গড়ায়নি।
স্বামীর ব্যাপারে রানির মতামত, “প্রতিটি মেয়ের নিজস্ব কিছু ভাবনা থাকে তার সঙ্গীর ব্যাপারে, আমারও ছিল। আর আদির মধ্যে আমি সেইসব গুণ খুঁজে পেয়েছি। তিনি হলেন আমার কাছে দেবতা শিবের মতো, তিনি আমার পাশে থাকলে আমি সবচেয়ে শান্ত থাকি।”
রানি আরও জানালেন প্রেমের ইঙ্গিত এসেছিল প্রথমে আদির তরফ থেকেই, “আমি সবসময়ই সেকেলে পদ্ধতির প্রেমে বিশ্বাসী। আর তাই আমার বাড়িতে এসে বাবা-মায়ের সামনে বসে আদি প্রথমবারের মতো আমাকে তার সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দেন। আমার জন্য এর চাইতে সুন্দর স্মৃতি আর কিছুই হতে পারে না।”
চলতি বছরের ২১ এপ্রিল ইতালির এক গ্রামে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রানি-আদিত্য জুটি। চরম গোপনীয়তার মধ্যেও তাদের বিয়েটা হয়েছে বাঙালি নিয়মেই।
