একশ’ কোটি আয় করল ‘এক ভিলেইন’
মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ‘এক ভিলেইন’ সিনেমার আয় পার করল একশ’ কোটি রুপি। রিতেশ দেশমুখ, শ্রদ্ধা কাপুর আর সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত এই সিনেমাটি চলতি বছরের চতুর্থ সিনেমা যা শতকোটি রুপি আয় করেছে।
‘এক ভিলেইন’কে আগেই ব্লকবাস্টার হিটের তকমা দিয়ে দিয়েছেন বক্স অফিস বিশ্লেষকেরা। চল্লিশ কোটি রুপি বাজেটের এই সিনেমা মুক্তির তিনদিনের মাথাতেই ঘরে তুলে নেয় মূলধন।
বক্স-অফিস বিশ্লেষক তারান আদার্শ টুইট করেন, “এক ভিলেইন-এর দ্বিতীয় সপ্তাহের আয়- সোমবার আড়াই কোটি, মঙ্গলবার দুই কোটি বিশ লাখ, বুধবার দুই কোটি, বৃহস্পতিবার এক কোটি সত্তর লাখ। সবমিলিয়ে ১০১ কোটি ৩২ লাখ। ব্লকবাস্টার।”
এ সিনেমার মধ্য দিয়ে হ্যাট্রিক করলেন অভিনেতা রিতেশ দেশমুখ। কারণ টানা তিন বছর তার অভিনীত সিনেমা ব্যাবসা করল ১০০ কোটির উপরে।
তারান আদর্শের টুইট, “একশ’ কোটির ক্লাবে রিতেশ দেশমুখের হ্যাটট্রিক। ২০১২ তে ‘হাউজফুল টু’, ২০১৩ তে ‘গ্র্যান্ড মাস্তি’ আর ২০১৪ সালে ‘এক ভিলেইন’।”
এ বছরের প্রথম একশ’ কোটি রুপি আয় করা সিনেমাটি ছিল সালমান খান অভিনীত ‘জয় হো’। অবশ্য এত আয় করেও ব্লকবাস্টার হতে পারেনি 'দাবাং’ খানের এ সিনেমাটি । ৭০ কোটি রুপি বাজেটের 'জয় হো’কে কোনোমতে হিট বলা চলে।
এপ্রিলে মুক্তি পায় আলিয়া ভাট এবং অর্জুন কাপুর অভিনীত সিনেমা ‘টু স্টেটস’। এখনও পর্যন্ত ব্লকবাস্টার হিট এই সিনেমার সব মিলিয়ে আয় ১৬৭ কোটি রুপি। বছরের তৃতীয় একশ কোটি রুপি আয় করা সিনেমাটি অ্যাকশন থ্রিলার ‘হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি’। আকশায় কুমার আর সোনাকশি সিনহা অভিনীত এই সিনেমার এক মাসের আয় ১১২ কোটি রুপি।
