২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের  'অভিজাত প্রৌঢ়া’র অন্তর্ধান

'হাম দিল দে চুকে সানাম’-এর দাদি কিংবা 'চিনি কাম’ সিনেমায় অমিতাভ বচ্চনের মা-- স্নেহপরায়ণ কিন্তু ক্ষুরধার বুদ্ধি আর অসামান্য রসবোধসম্পন্ন বৃদ্ধার চরিত্র, যা অনায়াসেই পর্দায় জীবন্ত করে তুলেছিলেন জোহরা সেহগাল। বলিউডের এই ‘অভিজাত প্রৌঢ়া’কে আর দেখা যাবে না রূপালি পর্দায়। নয়াদিল্লির এক হাসপাতালে বৃহস্পতিবার রাতে তিনি মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০২ বছর।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 05:20 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

সেহগালের শেষ ইচ্ছা অনুযায়ী দিল্লির লোডি ক্রিমেটোরিয়ামে সম্পন্ন হয়েছে তার দাহ। শুক্রবার সকালে পারিবারিক আয়োজনে তার শেষকৃত্য হয়। বর্ষিয়ান এই শিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দিকশিত, কবি ও গীতিকার জাভেদ আখতার, অভিনেত্রী শাবানা আজমি এবং মঞ্চ ব্যক্তিত্ব এম কে রায়না।

ভারতীয় বিনোদনজগতে অবদান রাখার জন্য দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘পদ্মবিভূষণ’-এ ভূষিত জোহরা সেহগালের প্রয়াণে শোক প্রকাশ করেছেন সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মোদি লেখেন, “সৃজনশীল এবং প্রাণ-প্রাচুর্যে ভরপুর জোহরা সেহগাল তার অভিনয় দিয়ে ধন্য করেছেন প্রজন্মের পর প্রজন্মকে। তার প্রয়াণে আমি শোকাহত।”

শোক জানিয়েছে গোটা হিন্দি সিনেপাড়াও। শাবানা আজমি, জাভেদ আখতার থেকে শুরু করে অমিতাভ বচ্চন আর কারান জোহারদের মতো তারকারা জানিয়েছেন তাদের শোকবার্তা।

“আমি তার সঙ্গে প্রথম কাজ করেছিলাম ২০০২ সালের এক মঞ্চ নাটকে। তখন তার বয়স নব্বই। ওই বয়সেও দারুণ সময়ানুবর্তী ছিলেন তিনি। অনুশীলনে আসতেন একদম ঘড়ির কাঁটা ধরে। সারাক্ষণ হাসি লেগে থাকত তার মুখে। মজার মজার কৌতুকে জমিয়ে দিতেন আসর।” জোহরা সেহগালকে নিয়ে এভাবেই স্মৃতিচারণ করেন শাবানা আজমি।

২০০৭ সালে ‘চিনি কাম’ সিনেমার সহ-অভিনেত্রীকে স্মরণ করে অমিতাভ বচ্চনের টুইট-- “ ১০২ বছর বয়সে চলে গেলেন জোহরা সেহগাল। কী অসাধারণ এক জীবনই না কাটালেন তিনি! সহশিল্পী হিসেবেও তিনি ছিলেন দারুণ। তার আত্মার জন্য প্রার্থনা রইল।”    

১৯১২ সালের ২৭ এপ্রিল জন্মগ্রহণ করেন সাহিবজাদি জোহরা বেগাম মুমতাজ-উল্লাহ খান। ক্যারিয়ার শুরু করেন কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্করের হাত ধরে।

১৯৩৫ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত তিনি ছিলেন উদয় শঙ্করের দলের মূল শিল্পীদের একজন। সে সময় বিজ্ঞানী ও নৃত্যশিল্পী কামেশ্বর সেহগালকে বিয়ে করে হন জোহরা সেহগাল। 

সেহগালের অভিনয়জীবন শুরু হয় মঞ্চনাটক দিয়ে। যুক্ত ছিলেন ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (আইপিটিএ) এবং পৃথ্বিরাজ কাপুরের ‘পৃথভি থিয়েটার’-এর সঙ্গে।

আইপিটিএর প্রযোজনায় ১৯৪৬ সালে ‘ধারতি কে লাল’ সিনেমার মধ্য দিয়ে হিন্দি সিনেজগতে প্রবেশ করেন সেহগাল। একই বছর চেতন আনান্দের ‘নিচা নাগার’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। ভারতের প্রথম চলচ্চিত্র হিসেবে ‘নিচা নাগার’ সে বছর জিতে নিয়েছিল কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দ’র।

পরের কয়েক দশকে মূলত হিন্দি সিনেমার নৃত্যপরিচালক হিসেবেই কাজ করেছেন তিনি। গুরু দত্তের ‘বাজি’, রাজ কাপুরের ‘আওয়ারা’-র মতো সিনেমায় নৃত্য পরিচালনা করেছেন তিনি।

পঞ্চাশের দশকের শেষের দিকে স্বামীর মৃত্যুর পর মুম্বাই থেকে দিল্লিতে চলে আসেন জোহরা। এরপর ১৯৬২ সালে নাট্যকলায় বৃত্তি নিয়ে তিনি পাড়ি জমান লন্ডনে। সেখানে নৃত্যশিক্ষক হিসেবে জীবিকা নির্বাহের পাশাপাশি বিবিসির বিভিন্ন টিভি সিরিজে অভিনয় শুরু করেন তিনি। পরের কয়েক দশক জুড়ে ‘ডক্টর হু’, ‘নেইবার্স’, ‘মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ’, ‘দ্য জুয়েল ইন দ্য ক্রাউন’, ‘তান্দুরি নাইটস’-এর মতো টিভি সিরিজে দেখা গেছে তাকে। এছাড়া অনেকগুলো ব্রিটিশ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হল- ‘কারাভাজ্জিও’, ‘ভাজ্জি অন দ্য বিচ’, ‘বেন্ড ইট লাইক বেকহাম’, ‘মিসট্রেস অফ স্পাইসেস’, ‘আনিটা অ্যান্ড মি’র মতো সিনেমাগুলো।

মাঝে দীর্ঘ বিরতির পর হিন্দি সিনেমায় তিনি ফিরে আসেন শেষ জীবনে । ‘দিল সে’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘দিল্লাগি’, ‘চালো ইশক লাড়ায়ে’, ‘কাল হো না হো’, ‘ভির-যারা’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০০৭ সালের দুটি সিনেমা ‘চিনি কাম’ আর ‘সাওয়ারিয়া’তে অভিনয় করেছিলেন তিনি।