২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হচ্ছেন ইভা?

মার্কিন অভিনেত্রী ইভা মেন্ডজের সঙ্গে কানাডিয়ান অভিনেতা রায়ান গসলিং প্রেম করছেন ২০১১ সাল থেকে। এবার খবর এল, মা হতে চলেছেন মেন্ডেজ। মার্কিন এক ম্যাগাজিনের দাবি, সাত মাসের অন্তঃসত্ত্বা তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 05:15 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

এক সূত্রের বরাত দিয়ে ওকে ম্যগাজিন বলছে, “অনেকদিন ধরেই মাতৃত্বের জন্য তৈরি ছিলেন মেন্ডেজ। গসলিংয়ের সন্তানের মা হতে পারাটা তাই তার জন্য ছিল স্বপ্নপূরণের মতো।”

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল বলছে, চলতি বছরের ফেব্রুয়ারিতেই লস অ্যাঞ্জেলেসের এক বিমানবন্দরে বডি স্ক্যানার ব্যবহার করতে অস্বীকৃতি জানালে শুরু হয় মেন্ডেজের গর্ভবতী হওয়ার গুঞ্জন।

তখন অবশ্য এই খবরকে হেসেই উড়িয়ে দিয়েছিলেন মেন্ডেজ। এলেন ডিজেনারেসের অনুষ্ঠানে বলেছিলেন, “এটা খুবই হাস্যকর। পুরো গুজবটাই শুরু হয়েছে-- কারণ এয়ারপোর্টে আমি স্কানারের ভেতর দিয়ে যেতে চাইনি। এক্স-রে স্ক্যানারগুলো আমি আসলেই ভয় পাই। ওখানে সবাইকেই নগ্ন দেখা যায়। শুধু তাই নয়, তেজষ্ক্রিয়তারও একটা ব্যাপার আছে। এসব কারণেই আমি ওটার ভেতর দিয়ে যেতে চাইনি।”

এদিকে ‘দ্য প্লেস বিহাউন্ড দ্য পাইন্স’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের সুবাদে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া গসলিং-মেন্ডেজ জুটি এখনই বিয়ে করে সংসার শুরুর চিন্তা করছেন না। ওকে ম্যাগাজিনের দাবি, ‘দ্য নোটবুক’-খ্যাত গসলিংয়েরই এ ব্যাপারে আপত্তিটা বেশি। তবে মেন্ডজের ইচ্ছা দ্রুতই একটি পরিবার গঠনের।

“সন্তান হবে বলেই যে বিয়ে করতে হবে, এমনটি ভাবেন না গসলিং। তবে মেন্ডেজ বিশ্বাস করেন, এটাই সময় তাদের যৌথ জীবনের আনুষ্ঠানিক সূচনা করার।” এমনটাই জানালেন এই জুটির ঘনিষ্ঠ এক সূত্র।

ক্যারিয়ারেও নতুন মোড় আসছে মেন্ডেজের। প্রথমবারের মতো পরিচালনায় নামছেন তিনি। ‘হাউ টু ক্যাচ আ মনস্টার’ নামের ওই সিনেমায় গসলিং অভিনয় করছেন প্রধাণ চরিত্রে।

মেন্ডেজ বলেন, “কোনো সিনেমায় কাজ করার ক্ষেত্রে এটাই আসলে আমার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। সে (গসলিং) সত্যিই সবচেয়ে সুন্দর, সহযোগিতাপূর্ণ আর সৃজনশীল পরিবেশ সৃষ্টি করেছে শুটিং সেটে। আমি জানি, আমি ওর পক্ষ নিচ্ছি। কিন্তু আমার মনে হয় আমার চেয়েও বেশি অবদান রাখছে সে। ও আসলেই সবার সেরা।”