২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অভিনয় ছাড়ব, নাচ নয়’

অভিনেত্রী নাদিয়ার আরেক পরিচয় তিনি একজন নৃত্যশিল্পী। অভিনয়েও এসেছেন নাচের মাধ্যমেই। টেলিভিশন নাটকের অন্যতম ব্যস্ত এই অভিনেত্রী জানালেন অভিনয় ছাড়লেও তিনি নাচ কখনও ছাড়তে পারবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাসুম আওয়াল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 01:02 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

সম্প্রতি পূবাইলে ‘অলসপুর’ ধারাবাহিকের শুটিংয়ে গ্লিটজের সঙ্গে এক আলাপচারিতায় নাদিয়া বলেন, “নাটক ও নাচ- দুটোই আমার মূল পেশা। একসময় নাচকেই বেশি প্রাধান্য দিয়েছি। পরে নাটকে নিয়মিত হলে অভিনয়ের প্রতি ভালোবাসা বেড়ে যায়। অভিনয় এবং নাচ দুটোই আমার ভীষণ প্রিয়। তবে নাচের মাধ্যমে যাত্রা শুরু তো, তাই নাচের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে আমার।”

“কখনও অভিনয় ছেড়ে দিলেও নাচ ছেড়ে থাকতে পারব না।”

নাদিয়া জানালেন ঈদুল ফিতরে বাংলাভিশনে ‘আকাশ ভরা সূর্য তারা’ নামে একটি একক নৃত্যানুষ্ঠান রয়েছে তার। সেখানে বিভিন্ন ধারায় তার ছয়টি পরিবেশনা থাকবে।

এছাড়া বিটিভিতে একটি একক নৃত্যানুষ্ঠান থাকছে।

ঈদের নাটক নিয়েও ভীষণ ব্যস্ত নাদিয়া। এই ঈদে দশটি নাটকে দেখা যাবে তাকে। এছাড়াও কাজ করছেন ‘চোরকাঁটা’, ‘অলসপুর’, ‘মামলাবাজ’, ‘ক্ষণিকালয়’-সহ আটটি ধারাবাহিকে।

নিয়মিত চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেলেও এ ব্যাপারে তেমন আগ্রহ নেই বলে জানালেন।

“আমি যখন মিডিয়াতে কাজ শুরু করি, তখন চলচ্চিত্রের অবস্থা বেশ খারাপ ছিল। আমার পরিবারও চাইত না, আমি সিনেমাতে অভিনয় করি। এখন সিনেমাতে অনেক পরিবর্তন এসেছে। নাটকের লোকজনও সিনেমাতে অভিনয় করছে। তবে চলচ্চিত্র নিয়ে এখনই ভাবছি না আমি।”

১৯৮৬ সালে বিটিভির ‘শিশুমেলা’ অনুষ্ঠানে খুদে নৃত্যশিল্পী হিসেবে দেখা গিয়েছিল নাদিয়াকে । ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় প্রথম কাজ করেন বিজ্ঞাপনে।

১৯৯২ সালে আলাউদ্দিন আহমেদের ‘বারো রকম মানুষ’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক। তারপর থেকেই নিয়মিত কাজ করে যাচ্ছেন।

‘নৃত্যকথা’ নামে নাচের একটি স্কুল রয়েছে নাদিয়ার।