‘এক্স-মেন: ডেইজ অফ দ্য ফিউচার পাস্ট’ এ রোগ
‘এক্স মেন’ সিরিজের প্রথম সিনেমায় কেন্দ্রীয় চরিত্র হলেও সিরিজটির সর্বশেষ সিনেমা ‘এক্স-মেন: ডেইজ অফ দ্য ফিউচার পাস্ট’-এ একেবারেই দেখা যায়নি অ্যানা প্যাকুইন অভিনীত ‘রোগ’ চরিত্রটিকে। তবে সিনেমাটির ডিরেক্টরস কাট ডিভিডিতে দেখা যাবে তাকে।
‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’ সিনেমাতেই মোটামুটি হারিয়ে যেতে শুরু করেন রোগ। তার জায়গায় আরেক মিউট্যান্ট কিটির উপস্থিতি কমিকভক্তরা মেনে নিলেও হতাশ হয়েছেন ফিল্ম সিরিজের ভক্তরা।
তবে সিনেমার পরিচালক ব্রায়ান সিংগার জানালেন ভিন্নকথা। সিরিজের সপ্তম সিনেমাতে অ্যানা প্যাকুইনের পুরনো রূপে পর্দায় হাজির হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পযর্ন্ত সিনেমাটি অতিরিক্ত লম্বা এবং সিনেমার প্লট নানামুখি কাহিনির ভারে জটিল হয়ে পড়ার ভয়ে প্যাকুইন অভিনীত দৃশ্যগুলো বাদ দেওয়া হয়।
তবে ভক্তদের হতাশার কথা ভেবেই হয়ত ‘ডেইজ অফ দ্য ফিউচার পাস্ট’-এর হোম ডিভিডির স্পেশাল ডিরেক্টরস কাটে রোগের দৃশ্যগুলো রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘এক্স মেন’ সিরিজের পরবর্তী সিনেমা ‘এক্স-মেন” অ্যাপোক্যালিপস’ এ প্রবীন প্রফেসর এক্স এবং ম্যাগনিটোকে দেখা যাবে কি না সে নিয়েও রয়েছে সন্দেহ। আশির দশকের ঘটনাপ্রবাহ নিয়ে সিনেমাতে ‘ফার্স্ট ক্লাস’ এবং ‘ডেইজ অফ দ্য ফিউচার পাস্ট’-এর তরুণ প্রফেসর এক্স এবং ম্যাগনিটোর চরিত্রে দেখা যাবে জেমস ম্যাকএভয় এবং মাইকেল ফাসবেন্ডারকে।
‘এক্স মেন: ডেইজ অফ দ্য ফিউচার পাস্ট’-এর ডিভিডিতে মিস্টিক এবং বলিভার ট্রাস্কের দ্বন্দ্বের মাঝখানেই দেখা যাবে রোগের সিকুয়েন্সটি। তাই এখন সেটি দেখার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে সিনেমাটির এক্সক্লুসিভ ডিভিডি ডিরেক্টরস কাটের জন্য।
