২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয় ছাড়ছেন কুনিস

মার্কিন অভিনেত্রী মিলা কুনিস এখন অন্তঃসত্তা। বাগদত্ত অ্যাশটন কুচার আর তার অনাগত সন্তানের জন্য সবকিছুই করতে প্রস্তুত তিনি। এমনকী ২০ বছরের ক্যারিয়ারও বিসর্জন দিতে প্রস্তুত কুনিস। জানালেন, সন্তানের জন্মের পর অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 05:16 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

“আমি কখনও এমন কেউ হতে চাইনি, যার মাথায় সারাক্ষণ কাজের কথাই ঘুরবে। আমার কাছে অভিনয় ছিল একটা শখ; আস্তে আস্তে যেটা পেশায় পরিণত হল। কিন্তু অভিনয়ই আমার জীবন নয়।”-- ৩০ বছর বয়সী কুনিস এমনটাই বলেন মার্কিন ম্যাগাজিন ডাব্লিউকে দেওয়া সাক্ষাৎকারে।

‘ব্ল্যাক সোয়ান’-খ্যাত এই অভিনেত্রী আরও জানান, সন্তান জন্মের পর ক্যারিয়ার আর পরিবারের মধ্যে তিনি প্রাধান্য দেবেন পরেরটাকেই। অভিনয়ের জন্য পরিবারের সঙ্গ ত্যাগ করতে চান না তিনি। তিনবার অস্কার জেতা অভিনেত্রী মেরিল স্ট্রিপের কথা উল্লেখ করে তিনি জানান, স্ট্রিপের মতো ক্যারিয়ারই ধ্যান-জ্ঞান নয় তার।

“আমি নিশ্চিত মেরিল স্ট্রিপের এক্ষেত্রে আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। কিন্তু আমি মুখিয়ে আছি একজন সম্পূর্ণ মা হয়ে ওঠার ব্যাপারে।”

পরিবার গঠনের ব্যাপারে এখন এতটা উৎসাহী হয়ে উঠলেও কুনিসের চিন্তাভাবনা শুরুতে ছিল এর বিপরীতে। টিনএজ বয়সেই সিন্ধান্ত নিয়েছিলেন বিয়ে না করার। কিন্তু অ্যাশটন কুচারের মধ্যে ‘সত্যিকারের ভালোবাসা’ খুঁজে পাওয়ায়, সেই পরিকল্পনা একেবারেই বাদ দিয়েছেন এই অভিনেত্রী।

“আমি কখনও বিয়ে করার পক্ষপাতি ছিলাম না। ১২ বছর বয়সেই আমি আমার বাবা-মাকে বলেছিলাম এই কথা। সবকিছু বদলে গেল, যখন আমি আমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেলাম।”

এখন বিয়ে নিয়ে অনেক ধরনের পরিকল্পনাই করছেন কুনিস-কুচার জুটি। তবে, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের বদলে কাছের মানুষদের নিয়ে গোপনে বিয়েটা সেরে ফেলার ব্যাপারেই বেশি আগ্রহী কুনিস।

“এখন বিয়ে নিয়ে আমার পরিকল্পনা খুবই সাধারণ। আমরা খুব বেশি মানুষকে দাওয়াত করব না। গোপনে ব্যক্তিগতভাবে বিয়েটা সেরে ফেলব। আমার বাবা-মায়েরও ব্যাপারটা পছন্দ হয়েছে। তারা এতেই খুশি যে, শেষপর্যন্ত আমি বিয়েতে সায় দিয়েছি।”