রিয়েলিটি শো প্রতিযোগী থেকে তারকা
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা-২০১০’-এর চূড়ান্ত পর্বে ঠাঁই পাওয়া টয়া সুপারস্টারের খেতাব তখন জিততে না পারলেও আজ রীতিমতো স্টারই তিনি। সফল মডেল হওয়ার পাশাপাশি এখন চুটিয়ে কাজ করছেন টেলিভিশন নাটকে। তবে নবীন এই তারকার সংকল্প, পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা।
গ্লিটজের সঙ্গে আলাপচারিতায় টয়া বলেন, “এখন সময় এসেছে, নিজেকে প্রমাণ করার। মডেল নয়, অভিনেত্রী হতেই আমি মিডিয়াতে এসেছি। বিজ্ঞাপনচিত্রের ব্যস্ততা কমিয়ে দিয়ে এখন আমি নাটকে নিয়মিত হতে চাই।”
নাটকে নিজের চরিত্রের ব্যাপারেও খুতখুতে টয়া।
“গতানুগতিক রোমান্টিক ধাঁচের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে না। আমি বাস্তবধর্মী চরিত্রে অভিনয় করতে চাই। আমি ভিন্নধারার চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই।”
অন্ধ বা প্রতিবন্ধী কোনো মেয়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে লুফে নেবেন বলে জানালেন টয়া।
তিনি বলেন, “এমন চরিত্র আমার ক্যারিয়ারের জন্য ইতিবাচক হবে। চরিত্রগুলো ফুটিয়ে তোলাও একটা চ্যালেঞ্জ। আমি সেই চ্যালেঞ্জ নিতে চাই।”
ঈদে প্রচারিত হবে টয়ার দুটি নাটক ‘ঋহীন’ এবং ‘যাযাবর’।
‘যাযাবর’ নাটকে টয়ার বিপরীতে অভিনয় করেছেন গানের দল ‘জলের গান’-এর ভোকালিস্ট, পারকাশনিস্ট সাঈফুল ইসলাম জার্নাল। এ নাটকে দেখা যাবে, রকস্টার জার্নালের প্রেমে পড়ে টয়া। রগচটা জার্নালও টয়ার প্রেমে সাড়া দেন। তাদের বিয়েপরবর্তী জটিলতা নিয়েই এগিয়েছে নাটকের কাহিনি।
‘ঋহীন’ নাটকে টয়ার সহ-অভিনেতা নিলয়। দুই প্রেমিক-প্রেমিকার সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
এছাড়া টয়া নতুন দুটি ধারাবাহিকে অভিনয় করছেন। এগুলো হল আফসানা মিমির প্রতিদিনের ধারাবাহিক ‘সাতটি তারার তিমির’ এবং মিজানুর রহমান লাবুর ‘বাতিঘর কতদূর’। ‘সাতটি তারার তিমির’ নাটকে টয়া অভিনয় করেছেন একজন থিয়েটারকর্মীর চরিত্রে।
টয়া জানান, সিনেমাতে অভিনয়ের প্রস্তাবও আসছে। কিন্তু অভিনেত্রী হিসেবে আরও পাকাপোক্ত হয়ে তবেই সিনেমার ব্যাপারে ভাববেন।
“হুট করে চলচ্চিত্রের নায়িকা হওয়া যায় না। আমি দুদিনের নায়িকা হতে চাই না। তাই নাটকেই নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে হবে আমাকে। নাটকেও অভিনয় দেখানোর যথেষ্ট সুযোগ রয়েছে আমার। আমি সে সুযোগ হাতছাড়া করতে চাই না।”
টয়ার প্রথম নাটক রুমানা রশীদ ঈশিতার ‘অদেখা মেঘের কাব্য’। প্রথম ধারাবাহিক আফসানা মিমির ‘পৌষ ফাগুনের পালা’। এছাড়াও তিনি অভিনয় করেছেন রেদওয়ান রনি ‘ভালোবাসা ১০১’, ওয়াহিদ আনামের ‘ভার্সিটি’-সহ আরও ৩০টি নাটকে। অধিকাংশ নাটকে শহরকেন্দ্রিক চরিত্রে অভিনয় করলেও গাজী রাকায়েতের ‘মেট্রিক পাস ফকির’ টেলিফিল্মে গ্রামীণ নারীর চরিত্রে অভিনয় করেছেন টয়া।
