২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমজমাট জুলাই

দেখতে দেখতেই চলে  গেছে ২০১৪ সালের ছয়টি মাস। গ্রীষ্মে রুপোলি পর্দায় ছিল সুপারহিরো আর সাই-ফাই হলিউডি সিনেমার দাপট। জমজমাট অ্যাকশনের স্বাদ পেলেও বিষয়বস্তুর দিক থেকে বৈচিত্র্য চেখে দেখতে পারেনি দর্শক। সে দিক থেকে  জুলাইয়ে আসছে বেশ কিছু বৈচিত্র্যময় সিনেমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 12:17 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

যুক্তরাষ্ট্রের বাজারে এই মাসে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য পাঁচটি সিনেমা সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. ডেলিভার আস ফ্রম ইভিল (হরর/ক্রাইম)

হরর সিনেমার শুরুতে ‘সত্য ঘটনা অবলম্বনে’-র মতো অদ্ভুতুড়ে এবং অনেকটা বানোয়াট বার্তা দেওয়া থাকেই। ‘ডেলিভার আস ফ্রম ইভিল’ও সে ধারার বাইরে নয়। তবে নির্মাতাদের দাবি, বাস্তবে কিছু পুলিশের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরেই গড়ে উঠেছে  সিনেমাটির গল্প।

২০১৪ সালে বেশ কয়েকটি হরর সিনেমা জনপ্রিয়তা পেলেও এ বছর তেমন কোনো সিনেমা বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। তাই ‘সিনিস্টার’ এবং ‘দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ’-এর মতো গা শিউরে ওঠা সিনেমা উপহার দেওয়া পরিচালক স্কট ডেরিকসনের নতুন হরর সিনেমাটিও দর্শকরা উপভোগ করবেন বলেই ধারণা করছেন সবাই। সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ‘দ্য হাল্ক’-খ্যাত অভিনেতা এরিক ব্যানা।

২. ডন অফ দ্য প্ল্যানেট অফ দ্য এইপস (সাইফাই/অ্যাকশন)

‘দ্য এইপস’ সিরিজের সর্বশেষ সিনেমা ‘রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য এইপস’-এর সাফল্যের পর নতুন এই সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদ বেশ উঁচুতে। সিনেমায় অ্যান্ডি সারকিসের সঙ্গে নতুন দুটি চরিত্রে অভিনয় করছেন জেসন ক্লার্ক এবং গ্যারি ওল্ডম্যান।

সিরিজের নতুন সিনেমাতে দেখা যাবে, এইপদের অস্তিত্ত্বের সঙ্গে তাল মিলিয়ে উঠতে না পারা মানবসভ্যতা এবার সম্মুখীন হয় আরও ভয়াবহ এবং বুদ্ধিমান কিছু এইপের। মানবসমাজ এবং এইপদের মুখোমুখি সংঘর্ষের ফল কী হবে তা জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে এই মাসের ১১ তারিখ পর্যন্ত।

৩. দ্য পার্জঃ অ্যানার্কি (হরর/থ্রিলার)

ভবিষ্যতের যুক্তরাষ্ট্র। বছরের প্রতিটি দিন সেখানে ভালোভাবে কাটলেও  এক রাতের  জন্য নেমে আসে নরকের ভয়াবহতা। ‘দ্য পার্জ’ নামের ওই রাতে সব  অবৈধ কাজ বৈধ;  খুনের মতো গুরুতর অপরাধও করা যায় অনায়াসেই।

এমন এক অভিনব প্লট নিয়ে তৈরি হলেও ‘দ্য পার্জ’  সিরিজের প্রথম সিনেমা  দর্শকদের মন জোগাতে পারেনি খুব একটা। আর তাই ‘দ্য পার্জ’ এর সিকুয়েল নিয়ে নির্মাতাদের প্রস্তুতি একটু বেশিই ছিল। তারা আশা করছেন এবার আর হতাশ হবেন না দর্শকরা।

সদ্য বিবাহিত এক দম্পতি কীভাবে ‘পার্জ’-এর অন্যান্য প্রতিযোগীকে প্রতিহত করে বেঁচে থাকার জন্য ‘ভেঞ্জফুল ফাদারে’র বিরুদ্ধে লড়বে, সে কাহিনিই উঠে আসবে এই সিনেমাতে। ‘ডেলিভার আস ফ্রম ইভিল’-এর সঙ্গে পাল্লা দিয়ে ‘দ্য পার্জ: অ্যানারকি’ বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার বিষয়। সিনেমাটি আসছে জুলাইয়ের ১৮ তারিখে।

৪. লুসি (সাইফাই/অ্যাকশন)

ক্যামেরার পেছনে অনিয়মিত হয়ে গেলেও গত দুই দশকে দুর্দান্ত কিছু অ্যাকশন সিনেমা উপহার দেওয়া পরিচালক লুক বেসন নিয়ে আসছেন রোমাঞ্চে ভরপুর নতুন সাই-ফাই সিনেমা ‘লুসি’। স্কারলেট জোহানসন, মরগান ফ্রিম্যান, মিন-সিক চোইদের মতো বড় বড় তারকা সমৃদ্ধ সিনেমাটি জুলাইয়ের অন্যতম উল্লেখযোগ্য একটি সিনেমা হতে যাচ্ছে।

নতুন ধরনের গবেষণার গিনিপিগ জোহানসন হয়ে যান অতিশক্তির অধিকারী। নিজের মস্তিষ্কের শতভাগ ব্যবহারের মাধ্যমে সময় এবং পরিপার্শ্বের দখল নিয়ে নেওয়ার ক্ষমতা পাওয়া জোহানসন কীভাবে রুখে দাঁড়াবেন চক্রান্তকারী দলের বিরুদ্ধে, সেটি সিনেমাতে দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে জুলাইয়ের ২৫ তারিখ পর্যন্ত।

৫. হারকিউলিস (অ্যাকশন/অ্যাডভেঞ্চার)

গ্রিক দেবরাজ জিউসের ছেলে হারকিউলিস আবার আসছে হলিউডের পর্দায়। গ্রিক এই আধা-মানুষ আর আধা-দেবতাকে ঘিরে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ভালোই দাপট দেখাবে বলে ধারণা করা হচ্ছে।

হারকিউলিস চরিত্রে এবার থাকছেন সাবেক ‘পিপলস চ্যাম্প’ মল্লযোদ্ধা ডোয়াইন জনসন ‘দ্য রক’। যদিও পুরাণ থেকে সিনেমাটির গল্প বেশ ভিন্ন। সম্পূর্ণ নতুন একটি গল্প নিয়ে হারকিউলিসের রোমাঞ্চকর সব অভিযান দেখা যাবে সিনেমাটিতে। ‘দ্য রক’ জনসনের তারকাখ্যাতি সিনেমাটির সাফল্যে  বিশেষ প্রভাব রাখবে বলেই ভাবছেন নির্মাতারা। ‘লুসি’র মতোই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ২৫ জুলাই। আর তাই বক্স অফিস কাঁপানোর জন্য ‘লুসি’র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে যাচ্ছে সিনেমাটি।