ফিরছে ‘হ্যারি পটার’
২০১১ সালে ‘হ্যারি পটার অ্যন্ড দ্য ডেথলি হ্যালোজ পার্ট টু’ মুক্তি পাওয়ার আগেই ঘোষণা এসেছিল জনপ্রিয় মুভি ফ্র্যাঞ্জাইজি ‘হ্যারি পটার’-এর আনুষ্ঠানিক সমাপ্তির। এবার খবর এল আরও একটি নতুন পর্বের। ওয়ার্নার্স ব্রাদার্সের ঘোষণা অনুযায়ী, ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ের টু ফাইন্ড দেম’ নামের নতুন এই সিনেমা মুক্তি পাবে ২০১৬ সালের নভেম্বরে।
নতুন এই সিনেমার মাধ্যমে চিত্রনাট্যকার হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে জে কে রাওলিংয়ের। আর মুভির প্রযোজক হিসেবে থাকছেন যথারীতি সিরিজের অন্য সবগুলো মুভি প্রযোজনা করা ডেভিড হেম্যান।
ড্যানিয়েল র্যাডক্লিফ ভক্তদের জন্য অবশ্য কোন সুখবর নয় এটি। সিনেমার গল্প হ্যারির জন্মের ৭০ বছর আগের। কাজেই হ্যারি পটার আর তার বন্ধুদের দেখা যাবে না এবারের সিনেমায়।
জে কে রাওলিং ‘ফ্যান্টাস্টিক বিস্টস এন্ড হোয়ের টু ফাইন্ড দেম’ বইটি লিখেছিলেন ২০০১ সালে। বইটিকে তিনি দেখিয়েছিলেন হগওয়ার্টসের এক পাঠ্য বই হিসেবে, যেখানে জাদুর দুনিয়ার অদ্ভুত জীবযন্তুদের বর্ণনা বিশদভাবেই পাওয়া যায়। এই গল্পের মূল নায়ক নিউট স্ক্যামান্ডার যিনি ওই সময়ের নিউ ইয়র্কে দারুণ সব অভিযানের মুখোমুখি হন।
হ্যারি পটার সিরিজের মুভিগুলো চিত্রায়িত হয়েছে আধুনিক যুক্তরাজ্যের পটভূমিতে। কিন্তু গল্পের কারণে স্বাভাবিকভাবেই এবারের পটভূমি পালটে যাচ্ছে। মুভিটিতে এবার দেখানো হবে ১৯২০ সালের নিউ ইয়র্ক শহরকে।
নতুন এই মুভির শুটিং হবে যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারের ওয়ার্নার ব্রাদার্স কমপ্লেক্সে। কমপ্লেক্সের লিভেসডেন স্টুডিও এইজন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। সিরিজের প্রতিটি মূল মুভিই এই কমপ্লেক্সে চিত্রায়িত হয়েছে।
জুনের প্রথম সপ্তাহে ব্রিটেনের সংস্কৃতি বিষয়ক সচিব সাজিদ জাভিদ লন্ডনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নতুন এই মুভির খবরটি জানান। পরবর্তীতে ওয়ার্নার ব্রাদার্স ‘ফ্যান্টাস্টিক বিস্টস এন্ড হোয়ের টু ফাইন্ড দেম’ নামের এই মুভিটি তৈরির কথা নিশ্চিত করে।
জনপ্রিয় উপন্যাস সিরিজ ‘হ্যারি পটার’-এর গল্প নিয়ে ২০০১ সালে প্রথম মুক্তি পায় ‘হ্যারি পটার এন্ড সরসেরার্স স্টোন’ নামের সিনেমাটি। এরপর একে একে এই সিরিজের আরও সাতটি সিনেমা মুক্তি পায়। সিরিজের অষ্টম এবং সর্বশেষ মুভি ‘হ্যারি পটার এন্ড দ্যা ডেথলি হ্যালোস-পার্ট টু’ মুক্তি পায় ২০১১ সালে।
