২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে পাঁচ সিনেমার টেলিভিশন প্রিমিয়ার

ঈদে তিনটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে টেলিশনে। এছাড়া টেলিভিশন প্রিমিয়ার হবে আরও দুটি সিনেমার। পাঁচটি সিনেমাই দেখানো হবে চ্যানেল আইতে। 

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 07:57 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

নতুন তিনটি সিনেমা হলো গীতালি হাসানের ‘প্রিয়া তুমি সুখী হও’, পি এ কাজলের ‘মুক্তি’, এবং দেলওয়ার জাহান ঝন্টুর ‘হেডমাস্টার’।

এছাড়া দেখানো হবে সামিয়া জামানের ‘আকাশ কত দূরে’ এবং শাহাদাৎ হোসেন লিটনের ‘আদরের জামাই’ সিনেমা দুটির। 

ইমপ্রেস টেলিফিল্মের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান গ্লিটজকে বলেন, “ঈদ উপলক্ষে চ্যানেল আইয়ের কাছে দর্শকের আলাদা একটি চাওয়া থাকে। তারা চায় ভিন্ন আয়োজন। তাদের দাবি পূরণ করতে গিয়ে মানের দিকেও লক্ষ্য রাখতে হয়। বরাবরের মতো এবারও দর্শক চাহিদার কথা মাথায় রেখে আমরা পাঁচটি সিনেমা বাছাই করেছি। আশা করি এগুলো দর্শকের ভালো লাগবে।”

‘প্রিয়া তুমি সুখী হও’ সিনেমাটি ঈদের দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, ফেরদৌস ও শায়লা সাবি।

দ্বিতীয় দিন সকাল সাড়ে দশটায় প্রচারিত হবে সামিয়া জামানের ‘আকাশ কত দূরে’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, শর্মিলী আহমেদ, ফারিয়া, মোস্তফা প্রকাশ, অংকন।

ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে দশটায় প্রচারিত হবে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘আদরের জামাই’। ঈদের চতুর্থ দিনের সিনেমা ‘মুক্তি’তে অভিনয় করেছেন দিতি, সোহেল রানা ও হেলাল খান। ঈদের পঞ্চম দিন সকাল সাড়ে দশটায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘হেডমাস্টার’ সিনেমার। এ সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, সুবর্ণা মুস্তাফা, বিথী সরকার, বন্যা মির্জা।