২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে পিঙ্ক ফ্লয়েডের অ্যালবাম

ব্রিটিশ সাইকেডেলিক রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ভক্তদের জন্য রয়েছে দারুণ খবর। চলতি বছরের অক্টোবর মাসেই আসতে পারে কিংবদন্তী এই ব্যান্ডটির নতুন অ্যালবাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 06:33 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে খবরটি দিয়েছেন ব্যান্ডটির ভোকাল এবং গিটারিস্ট ডেভিড গিলমোরের স্ত্রী, পলি স্যামসন।

“এ বছরের অক্টোবরেই  পিঙ্ক ফ্লয়েড ‘দ্য এন্ডলেস রিভার’ শিরোনামে তাদের নতুন অ্যালবাম বের করবে”

অনলাইন প্রকাশনা কন্সেকিউয়েন্স অফ সাউন্ড তাদের বলছে দীর্ঘদিন ব্যান্ডটিতে ভোকাল হিসেবে কাজ করা দুর্গা ম্যাকব্রুম-হাডসন তার নিজের ফেইসবুক পেইজে ব্যান্ডটির অ্যালবাম রেকর্ড সেশনের একটি ছবি পোস্ট করেন। তিনি জানান, “অ্যালবামটির কাজ শুরু হয়েছিল ‘দ্য ডিভিশন বেল’ অ্যালবাম এর সঙ্গেই, তাই নতুন অ্যালবামটিতে আমাদের প্রয়াত কিবোর্ডিস্ট রিচার্ড রাইটের কম্পোজিশনও থাকছে। অ্যালবামটি প্রথমে পুরোপুরি ইন্সট্রুমেন্টাল করার চিন্তাভাবনা থাকলেও পরবর্তীতে আমি কিছু গানে কণ্ঠ দেই এবং গিলমোর তার নিজের কিছু গিটার সোলো গানগুলোতে যোগ করেন৤"

ব্যান্ডটির সাউন্ড ইঞ্জিনিয়ার অ্যান্ডি জ্যাকসনও অ্যালবামটি বের হবার খবর নিশ্চিত করেছেন৤ জানিয়েছেন অ্যালবামে থাকছে পিঙ্ক ফ্লয়েডের অনেক অপ্রকাশিত কম্পোজিশন। যদিও ব্যান্ডটির অফিশিয়াল লেবেল ‘ওয়ার্নার’ এ ব্যাপারে কিছুই জানায়নি। 

১৯৯৪ মুক্তি পাওয়া শেষ অ্যালবাম ‘দ্য ডিভিশন বেল’ এর ২০ বছর পূর্তি উদযাপনেই এই অ্যালবাম বের করছে ব্যান্ডটি। ষাটের দশক থেকেই ব্যান্ডে ড্রামার হিসেবে থাকা প্রতিষ্ঠাতা সদস্য নিক মেইসন অ্যালবামে কাজ করলেও ব্যান্ডটির আরেক প্রতিষ্ঠাতা সদস্য, বেইজিস্ট রজার ওয়াটার্স থাকছেন কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

১৯৬৫ সালে যাত্রা শুরু করা পিঙ্ক ফ্লয়েড মোট অ্যালবাম বের করেছে ১৪ টি। যদিও ব্যান্ডটির সদস্যদের মাঝে অনেকটা সময় ধরেই কম্পোজিশন স্বত্ত্ব এবং অন্যান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল, যার ফলে ১৯৭৯ সালে রাইট এবং ১৯৮৩ সালে ওয়াটার্স ব্যান্ড ছেড়ে যান। ২০০৫ সালের জুলাই এর ৫ তারিখে ব্যান্ডটির সর্বশেষ রিইউনিয়ন কনসার্টটি হয়।