২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ভয়াবহতা নিয়ে ‘সিন সিটি টু’

আগস্টে আসছে ‘সিন সিটি’ সিনেমার সিকুয়েল ‘সিন সিটি: আ ডেইম টু কিল ফর’। নতুন এই সিনেমায় ইভা গ্রিন, জোসেফ গর্ডন লেভিট, জশ ব্রোলিনদের মতো তারকাদের সংযুক্তি যেমন গল্পে আনছে নতুন মোড়, তেমনি সদ্য প্রকাশিত কিছু ছবি আর ক্লিপিংয়ে দেখা গেছে আরও কিছু চমক।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 05:48 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমার দুই চরিত্র গেইল আর মিহোর ‘ফার্স্ট লুক’। এই দুই চরিত্রের অভিনেত্রী রোজারিও ডসন এবং জেমি চাংকে দেখা গেছে আগ্রাসী কিন্তু লাস্যময়ী রূপে। গেইল রূপী ডসনকে দেখা গেছে কালো চামড়ার এক আবেদনময়ী পোশাকে। আর রাতের আকাশের পটভুমিতে মিহোরূপী চাংকে দেখা যাচ্ছে তীর-ধনুক হাতে।

বিনোদন ওয়েবসাইট হিটফিক্সে প্রকাশিত এক ভিডিওক্লিপে দেখা গেছে ন্যান্সি কালাহান চরিত্রে রূপদানকারী জেসিকা অ্যালবাকে। ওয়েবসাইটের দাবি, সিনেমাতে আগের চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অ্যালবাকে। এবারের পর্বে প্রতিশোধ নিতে বদ্ধপরিকর এই বার স্ট্রিপার যে কোনো কিছু করতেই প্রস্তুত। ফলে আগের সিনেমায় বারবার বিপদে পড়া এই নারী এবার নিজেই অন্যদের বিপদের কারণ হয়ে দাঁড়াবেন।

২২ আগস্ট মুক্তি পাবে নতুন এই সিনেমা। আগের কলাকুশলীদের মধ্যে ব্রুস উইলিস, মিকি রর্কি, জেমি কিং, জুড সিকোলেলারা তো থাকছেনই। সেই সঙ্গে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভুমিকায় দেখা যাবে রে লায়টা এবং লেডি গাগার মতো তারকাদেরও।