২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইচ্ছে করে তো মেয়ে হইনি’

২০১৩ সালের ঘটনা। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের নারীদের খাটো করে করা প্রশ্নে রাগে ফেটে পড়েন পারিনিতি চোপড়া। প্রায় এক  বছর  পর সেই  ঘটনার  ভিডিও  অনলাইনে প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 04:30 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

২০১৩ সালে ‘শুদ্ধ দেসি রোমান্স’ সিনেমার প্রচারণার সময় এই  ঘটনা ঘটে। এক সাংবাদিক বলেন, “মেয়েদের বয়স যখন কম থাকে তখন তারা ‘এটা’ পছন্দ করে আর বয়স হয়ে যাওয়ার পর তারা চেঁচামেচি করা শুরু করে যে, পুরুষরা তাদের ফায়দা লুটেছে।”

এ কথা বলার পর রেগে গিয়ে ওই সাংবাদিকের সঙ্গে চিৎকার করেন পারিনিতি।  

ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে ২৫ বছর  বয়সী এই অভিনেত্রী বলেছেন এ ঘটনা নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তার।

“সেদিন লোকটি খুবই বৈষম্যমূলক কথা বলেছিল আমাকে। আমি তাকে মারতে চেয়েছিলাম। বেশিরভাগ মানুষ আমাকে সমর্থন দিয়েছে। আমি প্রতিবাদ করায় গর্বিত হয়েছে। তাই আমি জানি, আমি সেদিন ভুল করিনি।”

গত দুই বছর  ধরে ভারতের নানা স্থানে ধর্ষণের শিকার হচ্ছেন নারীরা। সাধারণ নারীদের মতোই পারিনিতিও নিরাপত্তাহীনতায় ভোগেন বলে জানালেন,  “হ্যাঁ, আমি নিরাপত্তাহীনতায় ভুগি। যখন  আমি একা থাকি, যেমন কেনাকাটার সময়, তখন  আমার ভয় লাগে।”

তিনি আরও বলেন, “যদি আমার শুটিং রাত ৮-৯টার দিকে শেষ হয়, তখন  দেখা যায় এরপর  আমার অনেক মিটিং থাকে।  মিটিং শেষে বাড়ি ফিরতে ফিরতে বাজে ১-২টা। এত রাতে বাড়ি ফেরার সময়  আমার সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে।”

 নারী হিসেবে এ ধরনের বৈষম্য সহজে মেনে নিতে পারেন না পারিনিতি।

“যদি আমি ছেলে হতাম, আমার ভয় পাওয়ার কোনো কারণ থাকত না। আমার মনে হয় এটা ঠিক নয়। আমি তো নিজের ইচ্ছায় নারী হইনি। এ ধরনের বৈষম্য আমি মেনে নিতে পারি না।” 

বলিউডের নায়িকাদের সঙ্গেও হয়রানির ঘটনা ঘটে থাকে। ২০১৩ সালে নিজ বাড়িতে আক্রমণের শিকার হন শ্রুতি হাসান। এছাড়া ‘গোরি তেরে প্যায়ার মে’ সিনেমার প্রচারণা করতে গিয়ে ভক্তদের  আগ্রাসী আচরণের মুখোমুখি হতে হয়েছিল কারিনা কাপুর খানকে।