অনলাইনে বেকায়দায় প্রিয়াঙ্কা
অনলাইনে ভক্তদের জন্য এক অভাবনীয় সুযোগ করে দিয়েছিলেন হিন্দি সিনেমার অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রেডিট ডটকমে নিজের অ্যাকাউন্ট থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারবে তাকে। আর তাতেই পড়লেন বিপাকে।
প্রিয়াংকা এখন ব্যস্ত ইউরোপে এক সিনেমার শুটিংয়ে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে এক পারিবারিক অনুষ্ঠানে থাকার কথা রয়েছে তার। আর নিজের ব্যবসায়িক ব্যস্ততা তো আছেই। এর মধ্যেও তিনি রেডিট ডটকমে ভক্তদের জন্য সময় বের করেন।
শুরুতে প্রিয়াংকা সবার উদ্দেশ্যে বলেন “আমাকে যে কোনো ব্যাপারে প্রশ্ন করতে পারেন।” সঙ্গে সঙ্গেই ভক্তরা তাকে ছেঁকে ধরে নানা ধরনের প্রশ্ন নিয়ে।
ভক্তদের প্রশ্ন করার সুযোগ দিয়েছিলেন ঠিকই; কিন্তু সবগুলোর উত্তর যে প্রিয়াঙ্কা দেবেনই এমন কথা তো দেননি! আর তাই, বেশিরভাগ প্রশ্নই শেষ পর্যন্ত এড়িয়ে যান ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা এই তারকা।
বিশেষ করে তার বাবার নামে মুম্বাইয়ের এক রাস্তার নামকরণের প্রসঙ্গে করা প্রশ্নগুলো একেবারেই এড়িয়ে যান তিনি।
প্রিয়াংকা চোপড়ার বাবা আশোক চোপড়া ভারতীয় সেনাবাহিনীতে চিকিতসক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর মুম্বাই শহরের আন্ধেরি এলাকায় তার নামে একটি রাস্তার নামকরণ করা হয়। এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়, “সেনাবাহিনীর অনেকেই অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং দেশের জন্য মৃত্যুবরণ করেছেন। তাহলে রাস্তার নামকরণের জন্য তাদেরকে বাদ দিয়ে আপনার বাবাকে কেন বাছাই করা হল?”
অভিনয় থেকে সংগীত জগতেও সাফল্যের সাক্ষর রাখা প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ আছে, নিজের কণ্ঠ সুন্দর শোনানোর জন্য অটো-টিউনার ব্যাবহার করার। এটা নিয়েও প্রিয়াঙ্কাকে খোঁচা দিতে ছাড়েননি রেডিট ইউজাররা। অনেকেই জিজ্ঞাসা করেন, “আপনার সংগীত জীবনে অটো-টিউনারের গুরুত্ব কতোটুকু?”
প্রশ্নটি প্রিয়াঙ্কা এড়িয়ে গেলেও ভক্তদের তীর্যক মন্তব্যে ভরে ওঠে তার রেডিট অ্যাকাউন্ট। একজন বলেন, “তার সঙ্গীত জীবনে অটো-টিউনারের গুরুত্ব মানবজীবনে অক্সিজেনের গুরুত্বের মতো”। অনেকে তাকে প্রশ্নোত্তর পর্বের জন্য অনুপযুক্ত বলতেও ছাড়েননি।
তবে, এতসব বিব্রতকর মন্ত্যবের মধ্যে সিনেমা বিষয়ক কিছু প্রশ্নও ছিল প্রিয়াঙ্কার জন্য। প্রিয়াংকা অভিনীত ‘বারফি’ সিনেমাটিকে উল্লেখ করে ভক্তদের একজন জানতে চান, “বলিউডের পরিচালকেরা আন্তর্জাতিক সিনেমার আদলে সিনেমা বানাচ্ছেন। আর এ কারণে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালগুলোতে সেগুলো অংশ নিতে পারছে না। এ ব্যাপারে আপনার মতামত কি?”
প্রিয়াংকা যে সকল প্রশ্নের উত্তর দেন তার মধ্যে রয়েছে ভারতে সমকামিতাকে বৈধতা দেওয়াকে নিয়ে তার মতামত। ‘ফ্যাশন’ খ্যাত এই অভিনেত্রী লেখেন, “আমার মতে প্রত্যেক মানুষেরই নিজের ইচ্ছামতো জীবন যাপনের অধিকার থাকা উচিত। সমকামি কিংবা বিপরীতকামি হোক, প্রেম প্রেমই। আমি মনে করি প্রত্যেকের নিজের মতো করে থাকার অধিকার রয়েছে। প্রত্যেকেরই নিজের পছন্দ অনুযায়ী যৌনজীবন বেছে নেওয়ার সুযোগ থাকা উচিত।”
প্রিয়াংকা এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই মন্তব্য আসতে থাকে,
“আপনি কি সমকামিদের কাছে ত্বক ভাল করার কোন ক্রিম বিক্রি করতে চান? আর তার নাম আপনার বাবার নামে দিতে চান?”
সাইন অফ করার আগে প্রিয়াঙ্কার শেষ বার্তাটি ছিল এমন, “বেশ মজার অভিজ্ঞতা ছিল এটা। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি দুঃখিত যে সবার সব প্রশ্নের উত্তর দিতে পারিনি। তবে আশা করি সবাই উপভোগ করেছেন।”
