জিয়ার 'আত্মহত্যা' তদন্তে সিবিআই
ভারতীয় অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর তেরো মাস পর মুম্বাইয়ের সর্বোচ্চ আদালত মামলার তদন্তের ভার দেশটির সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়েছে।
সিবিআইকে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের কাছ থেকে এ মামলা সম্পৃক্ত সব তথ্য সংগ্রহ করারও নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৩ সালের অক্টোবর মাসে জিয়ার মা রাবিয়া খান আদালতে আপিল করেন, যেন জিয়ার ‘আত্মহত্যা' মামলার তদন্তের ভার সিবিআইকে দেয়া হয়।
বিচারপতি বলেন, “জিয়া খানকে খুন করা হয়েছিলো নাকি তিনি আত্মহত্যা করেছিলেন সে বিষয়ে বিস্তারিত তদন্তের দায়িত্ব এবার সিবিআইয়ের।”
জিয়ার মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত সব ধরনের তথ্য এবং অন্যান্য তদন্তে সাহায্য করার জন্য মহারাষ্ট্র সরকার এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারকরা জানান, পুলিশের দেওয়া ফরেনসিক রিপোর্টের সঙ্গে বাদীর ফরেনসিক রিপোর্টে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা গেছে। আর এ বিষয়গুলোই মামলার তদন্তে সমস্যা সৃষ্টি করেছে।
২০১৩ সালের ৩ জুন যুক্তরাষ্ট্রের নাগরিক ২৫ বছর বয়সী জিয়া খানকে মুম্বাইয়ের জুহু এলেকায় তার অ্যাপার্টপেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। জিয়ার ঘর থেকেই পাওয়া যায় তার নিজের হাতে লেখা সুইসাইড নোট। ওই ঘটনার পরই জিয়ার প্রেমিক, অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরাজ পাঞ্চোলিকে গ্রেপ্তার করে পুলিশ।
জিয়ার আত্মহত্যার পিছনে সুরাজের হাত রয়েছে, এমন অভিযোগ আনা হয়। তবে জিয়ার আত্মহত্যার বিষয়টি তার মা রাবিয়া খান মেনে নেননি। ভারতের উচ্চ আদালতে তিনি পুনরায় মামলা করেন।
যদিও মামলাটির তদন্তের দায়িত্ব নেওয়ার ব্যপারে অনিচ্ছা প্রকাশ করেন সিবিআই সদস্য ভেদিকা গনসালভেস। কারণ হিসেবে তিনি জানান, তাদের যথেষ্ট পরিমাণ সিবিআই সদস্য নেই।
তার এমন মন্তব্যের সমালোচনা করে বিচারক “সিবিআই-এর মতো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এমন মন্তব্য আশা করা যায় না। তারা যদি এমন কথা বলেন তাহলে একশো কোটি জনসংখ্যার এই দেশের মানুষ ন্যায় বিচারের জন্য কাদের উপর নির্ভর করবে।”
