২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাই সিনেমায় নতুনদের জোয়ার

ঢাকাই সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে যেমন অনেক নতুন মুখ দেখা যাচ্ছে তেমনি পরিচালনায়ও যুক্ত হচ্ছে অনেক নতুন নাম। সম্প্রতি পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন শামীমুল ইসলাম শামীম এবং মুন্তাহিদুল লিটন। 

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 04:31 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে নতুন এই দুই পরিচালক শুরু করবেন তাদের প্রথম সিনেমার শুটিং।

নাটক থেকে সিনেমার পরিচালক হবার স্বপ্ন বোনা শামীমের সিনেমা ‘একমুঠো স্বপ্ন’। সিনেমায় অভিনয় করছেন নবাগত আরজু ও মৌমিতা। 

সিনেমায় দেখা যাবে, বিলেত ফেরত মৌমিতা প্রেমে পড়ে চলচ্চিত্রের এক্সট্রা আর্টিস্ট আরজুর। আরজু নিজের পরিচয় আড়াল করে প্রেম চালিয়ে যায়। সে ভাবে, তার পেশা সম্পর্কে জানলে মৌমিতা হয়তো তাকে ছেড়ে চলে যাবে। একদিন মৌমিতা সব জেনে যায়। সে সিদ্ধান্ত নেয়, আরজুর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। তখন আরজু মৌমিতাকে অপহরণ করে নিয়ে যায় জনমানবহীন এক দ্বীপে। কাহিনি মোড় নেয় অন্যদিকে। 

সিনেমায় নতুনদের পাশাপাশি থাকছেন রাজ্জাক, ববিতা, মিশা সওদাগর, কাবিলা, গুলজারসহ আরও অনেকে।

সিনেমার গানগুলো পরিচালনা করবেন আহমেদ হুমায়ূন।

পরিচালক শামীম এর আগে ১১টি নাটক নির্মাণ করেছেন। তার প্রথম নাটক ‘ঊর্মি নামের মেয়েটি’ প্রচারিত হয় ১৯৯৭ সালে।  তার পরিচালিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘কাজল কালো চোখ’, ‘জান্নাত এক্সপ্রেস’, ‘ভাবনার ভালোবাসা’, ‘বাবুই পাখির বাসা’ ইত্যাদি।

অন্য নতুন নির্মাতা মুন্তাহিদুল লিটনের সিনেমার নাম ‘গুড বাই  মাই লাভ’। বিয়োগান্তক কাহিনি নিয়ে নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রেও থাকছে নতুন মুখ সুমন চৌধুরী, জলি, আরেফিন রাজ ও দীপা।

মুন্তাহিদুল লিটন চলচ্চিত্র পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার প্রধান বিপনন কর্মকর্তা।