প্রচারণা থেকেও ব্যবসা: শাহরুখের নতুন কৌশল
ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি ঝানু ব্যবসায়ী হিসেবেও শাহরুখ খানের পরিচিতি রয়েছে। নিজের নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’র প্রচারণা নিয়ে প্রস্তুতি কিং খানের ব্যবসায়িক বুদ্ধিরই পরিচয় দিচ্ছে। ধারণা করা হচ্ছে সিনেমার প্রচারণা থেকেই ২০০ কোটি রূপি আয় করবেন শাহরুখ।
সিনেমা মুক্তির আগে প্রচারণার জন্য সাধারণত হিন্দি সিনেমার প্রযোজকরা নির্ভর করেন তারকাদের সাক্ষাৎকার, ফটোশুট আর ছোটপর্দার বিভিন্ন অনুষ্ঠান ও বিভিন্ন শহরে জনসম্মুখে উপস্থিতির উপর। কিন্তু শাহরুখ হাঁটছেন ভিন্নপথে।
‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার অন্য তারকা দিপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সনু সুদ আর বোমান ইরানিকে নিয়ে তিনি পরিকল্পনা করছেন বিশ্বব্যাপী বেশ কয়েকটি ড্যান্স শো আয়োজনের। এসব অনুষ্ঠানের মাধ্যমেই দিওয়ালিতে সিনেমা মুক্তি পাওয়ার আগেই মোটা অঙ্কের অর্থ ঘরে তুলবেন শাহরুখ।
শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠানের এক সূত্রের বরাত দিয়ে মুম্বাইভিত্তিক দৈনিক মুম্বাই মিরর বলছে, “সবমিলিয়ে ২৫ থেকে ৩০টি শো হওয়ার কথা। প্রতিটি থেকে শাহরুখ লাভ করবেন কমপক্ষে ৭ কোটি রুপি। হিসাব করে বলা যায়, মুক্তির আগেই ‘হ্যাপি নিউ ইয়ার’-এর খাতায় জমা হবে ২০০ কোটিরও বেশি অর্থ।”
শাহরুখসহ ‘হ্যাপি নিউ ইয়ার’-এর কলাকুশলীদের প্রত্যেকেই আগস্ট থেকে শুরু করবেন অনুষ্ঠানের অনুশীলন। সেপ্টেম্বর এবং অক্টোবরে হতে যাওয়া এই অনুষ্ঠানগুলোর জন্য আলাদাভাবে প্রত্যেককে সম্মানিও দিচ্ছেন তিনি। শাহরুখের প্রতিষ্ঠান থেকে এর মধ্যেই এ ব্যাপারে চুক্তি করা হয়েছে তারকাদের সঙ্গে। পরিচালক ফারাহ খানও খুশি মনেই যোগ দিচ্ছেন শাহরুখের আয়োজনে।
“কলাকুশলীদের সবাই এই আয়োজনে যোগ দিতে রাজি হয়েছেন। কারণ শাহরুখ সবাইকে আলাদাভাবে পারিশ্রমিক দিচ্ছেন। প্রায় দেড়শ’ পেশাদার নৃত্যশিল্পীকে এই শোগুলোর জন্য ভাড়া করা হয়েছে। টেম্পটেশন রিলোডেড ট্যুরের থেকেও জাঁকজমকপূর্ণ আয়োজন করা হচ্ছে।”
মাধুরি দিকশিত, রানি মুখার্জি, জ্যাকুলিন ফার্নান্দেজকে নিয়ে ২০১৩ সালের অক্টোবরে আয়োজন করা হয়েছিল টেম্পটেশন রিলোডেড নামের বিশ্বব্যাপী কনসার্ট ট্যুরের। সেবারও ‘লুঙ্গি ড্যান্স’-এর তালে সবাইকে মাতিয়েছিলেন শাহরুখ। দিপিকা পাড়ুকোনের সঙ্গে তার অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’-এর রেকর্ড ভাঙা সাফল্যের পেছনে ওই প্রচারণা ভালোভাবেই কাজে লেগেছিল বলেই মনে করেন অনেকে।
শাহরুখের ভক্তদের জন্য শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডাতেই প্রথমে আয়োজন করা হবে এইসব কনসার্টের। এই তিন দেশের পর অন্য দেশেও যাবেন শাহরুখ। সবশেষে নিজের দেশ ভারতের বিভিন্ন অংশেও ‘হ্যাপি নিউ ইয়ার’ উন্মাদনা ফেরি করে বেড়াবেন তিনি।
