রোমান্টিক ইমেজ ছাড়তে চান ইমন
চলচ্চিত্রে কাজ করছেন আট বছর ধরে। কিন্তু আজও নিজের জায়গা তৈরি করে নিতে পারেননি মামনুন হাসান ইমন। জানালেন, এতদিনে মনের মতো কিছু চরিত্র পেয়েছেন। সেই সঙ্গে বললেন, রোমান্টিক ইমেজ থেকে বেরিয়ে অ্যাকশন ঘরানার সিনেমায় বেশি কাজ করতে চান তিনি।
“রোমান্টিক ধারার চরিত্রগুলো থেকে বেরিয়ে এসে এবার অ্যাকশন ধাঁচের সিনেমায় অভিনয় করতে চাই। দুটো গানের সঙ্গে নাচানাচি, দুটো প্রেমের সংলাপ- এমন দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যি হাঁপিয়ে উঠেছি। এবার একটু ভিন্ন ধারার চরিত্র চাই।”
চলচ্চিত্রে থিতু হতে না পারার কারণ হিসেবে বললেন, “আর সবার মতো আমার পরামর্শদাতা ছিল না। না বুঝেই বেশকিছু সিনেমায় অভিনয় করে ফেলেছি। পরে বুঝতে পেরেছি যে বড় ভুল করেছিলাম।”
ক্যারিয়ারের শুরুতে করা ভুল শুধরে নিয়ে এবার নতুনভাবে হাজির হতে চান ইমন। এখন অভিনয় করেছেন স্বপন আহমেদের সাইফাই সিনেমা ‘পরবাসিনী’তে। এই সিনেমায় ইমনকে এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় দেখা যাবে গোয়েন্দা ইমন দুর্ধর্ষ সব অ্যাসাইনমেন্ট নিয়ে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ান। তার সঙ্গী ভারতীয় বাঙালি অভিনেত্রী রিথ মজুমদার। সিনেমার আইটেম গানে ইমনের সঙ্গে পারফর্ম করেছেন ‘মিস ইন্ডিয়া-২০১২’ উর্বশি শর্মা।
চাষী নজরুল ইসলামের ‘ভুল যদি হয়’ এবং ‘অন্তরঙ্গ’ সিনেমায়ও কাজ করছেন ইমন। দুটি সিনেমাতেই তার বিপরীতে থাকছেন আলিশা প্রধান।
ইমন বলেন, “একশ বছর আগের এক জমিদারের চরিত্র ফুটিয়ে তোলা সত্যিই চ্যালেঞ্জিং।”
ঈদুল ফিতরের পর মুক্তি পাবে তার অভিনীত ‘স্বপ্ন যে তুই’ এবং ‘অচেনা হৃদয়’। রোমান্টিক-অ্যাকশন ধাঁচের দুটি সিনেমায় প্রথমবারের মতো আঁচল এবং প্রসূনের সঙ্গে অভিনয় করেছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মায়ের মমতা’ সিনেমাটি।
