২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নায়কের সঙ্গে নাচানাচি’ করতে চাননা নিপুণ

এবার ঈদে সিনেমা মুক্তির ইঁদুর দৌঁড়ে নেই নিপুণ। অপু-মাহি-ববিরা যখন এক নম্বর নায়িকা হওয়ার জোর প্রতিযোগিতায় ব্যস্ত তখন অনেকটাই পিছিয়ে পড়েছেন  জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী৤ তবে তাতে আক্ষেপ নেই তার৤ তিনি বলছেন, অধিকাংশ সিনেমাতেই নায়িকাদের অভিনয়ের কোনো সুযোগ থাকে না।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 12:15 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

“বাংলা সিনেমা মানেই যেন নায়কের সঙ্গে দুই তিনটা গানে নাচানাচি। কিছু আবেগী কথাবার্তা। এসব ভীষণ হাস্যকর। একজন অভিনেত্রীর জন্য ব্যাপারটি বিড়ম্বনারও।”

হাল আমলের নায়িকাদের মত সিনেমায় কেবল গ্ল্যামার যুক্ত করতে চান না বলেও মন্তব্য করেন তিনি৤ 

“ঈদের সিনেমাগুলোতে অপু, মাহি ও ববি তিনজনই নায়কের সঙ্গে নাচানাচি করে বেড়িয়েছে। ‘হিরো-দ্য সুপারস্টার’ সিনেমাতে শাকিবই সব। ‘হানিমুন’- এ বাপ্পীও তাই। আমি ওদের মতো হতে চাই না কখনও।”

আরও বললেন, নায়িকা নয় অভিনেত্রী হিসেবেই পরিচিতি পেতে চান৤

“আমি পুরোদস্তুর অভিনেত্রী হতে চেয়েছি। ক্যারিয়ারের শুরু থেকেই এমন সিনেমাতে কাজ করেছি যেখানে নায়কের সঙ্গে আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুধু নাচ-গানের নায়িকা হয়ে থাকিনি। এখন ‘মায়ানগর’, ‘একাত্তরের মা জননী’ সিনেমাতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। আমি কখনও নায়িকা হতে চাইনি।

ঈদে নিপুণকে দেখা যাবে ‘আই ডোন্ট কেয়ার’ সিনেমাতে। সিনেমার নায়ক বাপ্পীর বড়বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি। ঢালিউডে এখন জোর গুঞ্জন মৌসুমী, শাবনূরের মতো নিপুণেকও বোন কিংবা ভাবীর চরিত্রেই দেখা যাবে।

এমন গুঞ্জনের সাফ জবাব দিলেন নিপুণ৤

“কারা এসব বলে জানি না। বোন, ভাবী এসব ভেবে তো অভিনয় করি না। আমি দেখি চরিত্রটি গুরুত্বপূর্ণ কি না। আগেই বলেছি আমি অভিনেত্রী হতে চাই, নায়িকা নয়।”

“নায়ককেন্দ্রিক সিনেমাতে অভিনয় করবো না বলে এখন তেমন সিনেমা নেই আমার হাতে। কেউ যদি কেন্দ্রীয় চরিত্রের কোনো অফার নিয়ে আসে তবে সে সিনেমাতে আমি অভিনয় করব।”

নিপুণের হাতে এখন আছে আজিজুর রহমানের ‘স্বর্গ থেকে নরক’ সিনেমাটি যেখানে ফেরদৌসের বিপরীতে অভিনয় করবেন তিনি।

তবে ছোটপর্দায় বেশ সময় দিতে হচ্ছে এই অভিনেত্রীকে৤ ইতোমধ্যে ‘ফরমালিন’, ‘শুভাগমন’ এবং ‘সুপারস্টার’ নামে তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি।

‘সুপারস্টার’ ও ‘শুভাগমন’ নাটকে নিপুণ অভিনয় করেছেন রিয়াজ ও আনিসুর রহমান মিলনের সঙ্গে। কমেডি ধাঁচের ‘ফরমালিন’ নাটকে তার বিপরীতে আছেন জাহিদ হাসান।

এ বছর নিপুণ  অভিনীত ‘একাত্তরের মা জননী’ এবং  ‘মায়ানগর’ সিনেমা দুটি মুক্তি পাবে।

২০০৬ সালে ‘পিতার আসন’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন নিপুণ৤ সে বছরই শাহ আলম কিরণের ‘সাজঘর’ ও ২০০৯ সালে মোহাম্মদ হোসেনের ‘চাঁদের মতো বউ’ সিনেমায় পার্শ্বচরিত্রে সেরা অভিনয়ের জন্য নিপুণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে ।