২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক যুগ পেরিয়ে ‘পার্থিব: দ্য ডেফিনিটিভ অ্যালবাম’

পদ্মার কোলঘেষা রাজশাহী শহরে ১৯৯৫ সালে জন্ম নেয় ব্যান্ড ইগনিয়াস। ২০০২ সালে এসে ব্যান্ডটির নাম পাল্টে হয় পার্থিব। এক যুগ পেরিয়ে আবার পেছনে ফিরে দেখলো ব্যান্ডটি। তাদের নতুন অ্যালবাম ‘পার্থিব-দ্য ডেফিনেটিভ’ এ নতুন গানের সঙ্গে আছে পুরনো গানও।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 05:53 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

ব্যান্ডের ড্রামার শুভ বললেন, যুগপূর্তি এবং নিজেদের ফিরে দেখতেই ব্যান্ডের নামে অ্যালবাম।

অ্যালবামটিতে নতুন দশটি গানের পাশাপাশি নতুন সংগীতায়োজনে রয়েছে তাদের পুরনো দশটি গান।

মূলত সুরনির্ভর গানের প্রতি ব্যান্ডটির আগ্রহের কথা জানিয়ে শুভ বলেন, “বারো বছর বেশ দীর্ঘ একটা সময়। এ সময়ের মধ্যে আমাদের দুটি অ্যালবাম প্রকাশ হয়েছে। বেশ কয়েকটি মিক্সড অ্যালবামেও গান দিয়েছি।”

সে গানগুলো ‘এক সুতোয় গাঁথা’র উদ্দেশ্যও কাজ করেছে অ্যালবাম প্রকাশে।

‘বাউন্ডুলে’, ‘ইন্সপিরেশন’, ‘গ্রহণ’, ‘উৎসর্গ নিজেকে’, ‘নিঝুম রাতে’, ‘দূরে আছি’-- এমন পুরনো গানের পাশাপাশি এবারের অ্যালবামে যোগ হয়েছে ‘একা’, ‘ঈমানে’, ‘রাতের গল্প’, ‘অচিনপুর’, ‘ভালোবাসা’, ‘বাউন্ডুলে ২’ ইত্যাদি শিরোনামের গান।

নতুন গানের মধ্যে ‘ঈমানে’ গানটি নিয়ে বেশ আশাবাদী শুভ। যদিও গানটি বেশ হালকা মেজাজের।

অ্যলবামের জন্য বেশিরভাগ গান লেখা ও সুর করার কাজটি করেছেন রুমন। রুমন ‘বেস্ট সলো’ ও ‘বেস্ট লিরিসিস্টি’ খেতাব জেতেন ২০০২ সালের ‘বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ’ আসরে। গীতিকার হিসেবে পরিচিতিও আছে তার। সেশন মিউজিশিয়ান হিসেবে প্রত্যেকেরই রয়েছে বহু বছরের অভিজ্ঞতা।

ব্যান্ডের বর্তমান লাইনআপ-- ভোকাল ও গিটার- আশফাকুল বারী রুমন, ভোকাল ও কিবোর্ড- তানভির দাউদ রনি, ড্রামস ও পারকাশন- সুদিপ্ত বর্ধন শুভ, বেইজ ও ব্যাকআপ ভোকাল- জন সাটন মুন্সি (অতিথি শিল্পী)

২০০৫ সালের অ্যাম্পফিস্ট কনসার্টে অংশগ্রহণকারী ব্যান্ডটি ‘সেরা ব্যান্ড’-এর খেতাব জিতেছে ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর ২০০৬ সালের আসরে এবং ‘দ্য প্রমিসিং ব্যান্ড’-এর খেতাব জিতেছে ২০১০ সালে।

২০০৫ সালে প্রথম অ্যালবাম ‘বাউন্ডুলে’ প্রকাশ করে পার্থিব। ২০১২ সালে প্রকাশিত হয় তাদের দ্বিতীয় অ্যালবাম ‘উৎসর্গ নিজেকে’।