২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমজাদ আলি খানের সরোদ গুম

বিখ্যাত সরোদবাদক পণ্ডিত আমজাদ আলি খানের সরোদ হারিয়ে ফেলেছে ব্রিটিশ এয়ারওয়েজ। ৪৮ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও সন্ধান মেলেনি তার সরোদের।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 03:28 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

খান সাহেব  সাফ জানিয়ে দিয়েছেন, “আমি আমার সরোদ ফেরত চাই, কোনো জরিমানা নয়।”

সোমবার সকালে ৬৮ বছরের এই পণ্ডিত টুইট করেন, “১৯৯৭ সালে আমার সরোদটা একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর এখন ব্রিটিশ এয়ারওয়েজ এটা হারিয়েই ফেলল। ৪৮ ঘণ্টা হয়ে গেছে আর আমি এখনও একটা খবরের জন্য উদ্বিগ্ন হয়ে অপেক্ষায় আছি। কিন্তু এখন পর্যন্ত তার কোনো হদিস নেই।”

৪৫ বছরের সঙ্গী এই সরোদটিকে গঙ্গা বলে ডাকতেন খান সাহেব। ২১ জুন লন্ডনের ডার্লিংটনে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তিনি সরোদটি বাজিয়েছিলেন। এরপর শনিবার তিনি তার স্ত্রী শুভালাক্সমিকে নিয়ে দিল্লিতে ফিরে আসেন। ব্রিটিশ এয়ারওয়েজের এই ফ্লাইটে তার সঙ্গে আরও কয়েকজন সংগীতজ্ঞ ভ্রমণ করছিলেন। দিল্লিতে নেমে সরোদটি আর ফেরত পাননি তিনি।

খান সাহেব বলেন, “আমি এয়ারপোর্টের কর্মকর্তাকে সরোদটা বুঝিয়ে দেওয়ার আগে বলেছিলাম, দয়া করে ভালোভাবে এর যত্ন নেবেন, এটা আমার জীবন।”

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “লন্ডন থেকে আমাদের ফ্লাইট মধ্যরাতে দিল্লি পৌঁছায়। এরপর বিমানের লোকজন সরোদটা খুঁজতে থাকে। তারা একটি গলফ কিট দেখতে পেয়ে সেটাকেই আমার সরোদ বলে গছিয়ে দিতে চায়। আমরা প্রায় তিন-চার ঘণ্টা এয়ারপোর্টে অবস্থান করি। তারা জানায় যে, পরের ফ্লাইটেই আমার সরোদ এসে পৌঁছুবে। কিন্তু এখনও তার কোনো খবর নেই।”

এত বড় একটা এয়ারলাইন কীভাবে এতটা অসাবধান হতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন খান সাহেব। অন্যদিকে ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায় যে, হিথরো এয়ারপোর্টের ব্যাগেজ সিস্টেমে সমস্যার কারণে এমনটা হয়ে থাকতে পারে।

বিবৃতিতে তারা বলে, “যাত্রীদের নিজ নিজ মালামাল বুঝিয়ে দেওয়ার জন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আমরা খুবই দুঃখিত যে ধারণার চেয়ে বেশি সময় লেগে যাচ্ছে কাজটাতে। আর এই অতিরিক্ত সময়ের কারণে যাত্রীদের  অসুবিধাটাও আমরা বুঝতে পারছি।”

এর আগে ২০১০ সালে এয়ার ইন্ডিয়াও সরোদটার ক্ষতি করে পরে ক্ষমা চেয়েছিল।

তিনি জানান যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলবেন, যেন তাদের বাদ্যযন্ত্রের জন্য বিমানে অতিরিক্ত আসনের ব্যবস্থা করা হয়।

২০০১ সালে পণ্ডিত আমজাদ আলি খান ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পদ্মভূষণে ভূষিত হন।