বক্স অফিস কাঁপাচ্ছে ট্রান্সফরমাররা
মুক্তির পরপরই বক্স অফিসে শীর্ষে পৌঁছে গেছে ট্রান্সফরমার্স সিরিজের চতুর্থ সিনেমা ‘ট্রান্সফরমার্স: দ্য এইজ অফ এক্সটিংশন’। মুক্তির প্রথম সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ কোটি এবং বিশ্বজুড়ে ৩০ কোটি মার্কিন ডলারেরও বেশি ব্যবসা করেছে সিনেমাটি।
বক্স অফিস ডটকমের সহ-সভাপতি এবং প্রধান বিশ্লেষক ফিল কন্ট্রিনো বলছেন, “গ্রীষ্মের বাজারে ১০০ কোটি ডলার ব্যবসা করার এটাই সুবর্ণ সুযোগ এবং সিনেমাটি সে সাফল্যে অর্জনের পথেই রয়েছে।”
শুক্রবার বক্স অফিসে সিনেমাটি আয় করে প্রায় চার কোটি এক লাখ মার্কিন ডলার। তবে শনিবার সিনেমাটির আয় নেমে যায় তিন কোটি দুই লাখ মার্কিন ডলারে।
বিশ্বের অন্যান্য দেশের বক্স অফিসও কাঁপাচ্ছে সিনেমাটি। দক্ষিণ কোরিয়া এবং রাশিয়া ছাড়াও ৩৭টি দেশে সিনেমাটি আয় করেছে ২০ কোটি মার্কিন ডলার। হং কংয়ে মুক্তির প্রথম দিনেই রেকর্ড ৪৮ লাখ মার্কিন ডলার আয় করেছে সিনেমাটি। অস্ট্রেলিয়ার বক্স অফিসেও আয় করেছে রেকর্ড ১ কোটি ডলার।
১৬৫ মিনিটের দীর্ঘ সিনেমাটি গল্পের দুর্বলতার জন্য সমালোচকদের কাছে নেতিবাচক প্রতিক্রিয়া পেলেও তার ছাপ পড়েনি সিনেমার ব্যবসায়।
বক্স অফিসের প্রথম স্থানটি ‘ট্রান্সফরমার্সঃ এইজ অফ এক্সটিংশন’ এর দখলে থাকায় দ্বিতীয় স্থানে নেমে গেছে কমেডি-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘টোয়েন্টি টু জাম্প স্ট্রিট’। অ্যানিমেটেড মুভি ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ অবস্থান করছে তৃতীয় স্থানে।
ট্রান্সফরমার্স সিরিজের চতুর্থ সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পায় ২৭ শে জুন। সিনেমাটিতে অভিনয় করেছেন মার্ক ওয়ালবার্গ, স্ট্যানলি টুচ্চি, নিকোলা পেলজ, কেলসি গ্রামার, জ্যাক রেইনর প্রমুখ।
