পর্দায় আলাদাই থাকতে চান সাইফিনা
বাস্তব যুগল সাইফ আলী খান আর কারিনা কাপুর খান রূপালি পর্দায় এখনও দর্শকের মন জয় করতে পারেননি। তাই হয়তো স্বামীর সঙ্গে পর্দায় প্রেম করতে নারাজ বেবো।
ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সাইফ আলি খানকে নায়ক হিসেবে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন ‘কাল হো না হো’ খ্যাত পরিচালক নিখিল আদভানি। এতে সাইফের বিপরীতে কারিনাকে নিতে চেয়েছিলেন। কিন্তু নিখিলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কারিনা।
বর্তমানে সুভাষ ঘাইয়ের সিনেমা ‘হিরো’র রিমেইক নিয়ে ব্যস্ত আছেন নিখিল। এরপর হাত দেবেন রোমান্টিক কমেডি ধাঁচের একটি সিনেমাতে। তারপরই শুরু হবে সাইফের সিনেমার শুটিং।
খবরটি নিশ্চিত করে নিখিল বলেন, “ইমরানের সঙ্গে চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুটিং শুরু করবো আমি যা শেষ হবে এবছরের ডিসেম্বরে। এরপর ২০১৫ সালের মাঝামাঝি সময়ে শুরু হবে সাইফের সিনেমার কাজ।”
স্বামী সাইফের সঙ্গে এখন পর্যন্ত তিনটি সিনেমায় দেখা গেছে কারিনাকে। এর মধ্যে কিছুটা সাফল্যের মুখ দেখেছে শুধুমাত্র ‘কুরবান’ যা মুক্তি পায় ২০০৯ সালে।
২০০৮ সালে ‘টাশান’ সিনেমায় প্রথম একসঙ্গে কাজ করেন এই জুটি। আর তখনই সাইফের প্রেমে পড়েছিলেন বেবো। এছাড়া অ্যাকশন থ্রিলার ‘এজেন্ট বিনোদ’ এ একসঙ্গে অভিনয় করেছেন সাইফিনা। তবে সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পায়নি।
এদিকে কমেডি ফিল্ম ‘হামশাকালস’ এর বক্স অফিস সাফল্যের পর এবার রোমান্টিক কমেডি ‘হ্যাপি এন্ডিং’ এর কাজে ব্যস্ত আছেন সাইফ। আর কারিনা ব্যস্ত রোহিত শেঠির ‘সিংঘাম রিটার্নস’ নিয়ে ।
