২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিপিকা, ক্যাটরিনা নয়, নার্গিস

অবশেষে ‘কিক’ সিনেমার জন্য আইটেম গার্ল খুঁজে পেয়েছেন সালমান খান।  দিপিকা কিংবা ক্যাটরিনা নয় আইটেম গানে সালমানের সঙ্গে পা মেলাবেন নার্গিস ফাখরি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 04:51 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, গত সপ্তাহে আইটেম গানটির জন্য লুক টেস্ট দিতে ‘কিক’ এর সেটে পৌঁছান ‘ম্যায় তেরা হিরো’ খ্যাত তারকা নার্গিস।

গানটি পরিচালনা করবেন কোরিওগ্রাফার আহমেদ খান।  যদি সবকিছু ঠিকঠাক থাকে, এক সপ্তাহের মধ্যেই শেষ হবে গানটির শুটিং।

এর আগে সালমানের সঙ্গে এই আইটেম গানে নাচার প্রস্তাব দেয়া হয়েছিল দিপিকা পাড়ুকোনকে। ব্যস্ত শিডিউলের কারণে সময় দিতে পারছেন না বলে জানান দিপিকা।

মুম্বাইয় ছবিপাড়ার অবশ্য শোনা গেছে অন্য গুঞ্জন।  শাহরুখ খানের সঙ্গে সালমানের দ্বন্দ্বের কারণেই  নাকি প্রস্তাবটি ফিরিয়ে দেন দিপিকা।

আরও শোনা গেছে গানটির জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। কিন্তু সালমানের আপত্তির কারণেই বাদ পড়েন ক্যাটরিনা। যদিও ক্যাটরিনা মুখপাত্র জানিয়েছেন এমন কোনো প্রস্তাব পাননি তিনি।

এদিকে ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা নার্গিস শাহিদ কাপুরের সঙ্গে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ সিনেমায় ‘ধাতিং নাচ’ আইটেম গানে নেচেছেন।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত প্রথম সিনেমা ‘কিক’ যেখানে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন জ্যাকুলিন ফারনান্দেজ।