২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তনুশ্রী পদক’ পেলেন রুমা মোদক

নাট্যধারা প্রর্বতিত ‘তনুশ্রী পদক-২০১৪’ পেলেন নাট্যকার রুমা মোদক। শুক্রবার সন্ধ্যায় তার হাতে পদক তুলে দেন নাট্যকার মামুনুর রশীদ।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 08:13 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আফসার আহমেদ, বুটিক হাউজ ‘অঞ্জনস’-এর প্রধান নির্বাহী শাহীন আহমেদ এবং নাট্যধারা প্রধান সম্পাদক মাসুদ পারভেজ মিজু। পদক প্রদান শেষে পরিবেশিত হয় নাট্যধারার ২২তম প্রযোজনা ‘গররাজি কবিরাজ’।নাটকটি নির্দেশনা দিয়েছেন আশীষ খন্দকার।

সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদক প্রর্বতিত হয় ২০০১ সালে। এ পযর্ন্ত ১৩ তরুন নাট্যকর্মী, নির্মাতা ও কলাকুশলী পেয়েছেন এ পদক।

এ বছর পদক পেলেন হবিগঞ্জ জেলাভিত্তিক নাটকের দল ‘জীবন সংকেত নাট্যগোষ্ঠী’র রুমা মোদক। চারটি নাটকের নির্দেশক রুমা এ পযর্ন্ত মৌলিক নাটক লিখেছেন নয়টি, তার রূপান্তরিত রচনা রয়েছে চারটি। শিশুদের রচনা করেছেন দুটি নাটক। অভিনয় করেছেন তিনটি নাটকে।

পদক হাতে পেয়ে রুমা বলেন, “সারা দেশের নাট্যকর্মীদের পক্ষ থেকে এ পদক গ্রহণ করলাম”।

১৯৯৩ সালে গঠিত ‘নাট্যধারা’ তাদের প্রয়াত সহকর্মী তনুশ্রী গায়েনের স্মরণে এ পদক প্রবর্তন করে। এর আগে এ পদক পেয়েছেন সাইদুর রহমান লিপন, নাসিরুল হক খোকন, আশীষ খন্দকার, ত্রপা মজুমদার, আমিনুর রহমান মুকুল, কামালউদ্দিন কবির, দিলীপ চক্রবর্তী, জগলুল আহমেদ, রাহুল আনন্দ, সামিনা লুৎফা নিত্রা ও শুভাশিস সিনহা, দেবাশীষ ঘোষ, সুদীপ চক্রবর্তী।

পদক বিজয়ীর নাম ঘোষণার আগে বিশেষ অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাদের বক্তব্যে নাট্যাঙ্গনের বিভিন্ন বিষয়ে কথা বলেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়নে অনুষ্ঠান শুরু হয় বিকালে। করিডরে সংগীত পরিবেশনায় অংশ নেন দলের কর্মীরা।

ছবি কৃতজ্ঞতা: ইমতিয়াজ আহমেদ দুলু।