বর্ণবাদের শিকার কিমের কন্যা
মডেল ও রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ান ও মার্কিন র্যাপার কেনি ওয়েস্টের কন্যা নর্থ ওয়েস্ট বর্ণবাদের শিকার হয়েছেন বলে দাবি করছেন কিম ও তার পরিবার। গত মাসে উড়োজাহাজে এক নারী যাত্রী ১ বছরের শিশুটিকে উদ্দেশ্য করে বিভেদমূলক মন্তব্য করে বলে অভিযোগ করা হয়েছে।
মার্কিন রিয়েলেটি টেলিভিশন শো ‘কিপিং আপ উইথ কারদাশিয়ানস’-এর একটি সাম্প্রতিক পর্বে কিম তার বোন ক্লোয়িকে ঘটনাটির বিবরণ দেন। তিনি জানান উড়োজাহাজে যাত্রার সময় ঘুমিয়ে পড়েছিলেন তিনি। হঠাৎ এক নারীর চিৎকারে জেগে ওঠেন। ঐ নারী চিৎকার করে বলছিলেন, “কেনি ওয়েস্টের বাচ্চা!”
পরে কিম কারদাশিয়ানের মা ক্রিস জেনার ক্লোয়িকে আরও জানান, “ঐ মহিলা ফার্স্ট ক্লাস কেবিনে হঠাৎ উঠে দাঁড়ান আর গলা ফাটিয়ে চিৎকার করে বলতে থাকেন- সে (কিম) একজন কালো লোকের সঙ্গে আছে, আর এই বাচ্চাও কালো। আর এই কালো বাচ্চাটাকে চুপ করাও।”
প্লেনে থাকার কারণে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি বলেও বোনকে জানান কিম।
সম্প্রতি মার্কিন র্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে বিয়ের বাঁধনে জড়িয়েছেন কিম কারদাশিয়ান।
