'ঈদের কিছু নাটক হয় নিম্নমানের'
ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী ফারজানা আক্তার ছবি। কিন্তু পছন্দসই চিত্রনাট্য না পাওয়ায় ফিরিয়ে দিচ্ছেন বেশিরভাগ প্রস্তাবই। ঈদের নাটকের মান ক্রমেই নিচে নেমে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ছবি গ্লিটজকে বলেন, “ঈদ উপলক্ষে যেসব নাটকের অফার পেয়েছি সেসব মোটেও মনঃপুত হয়নি। আমি রীতিমতো বিরক্ত। ঈদের নাটক হিসেবে সেগুলো একেবারেই গ্রহণযোগ্য নয়। ঈদ উপলক্ষে কিছু নাটক হয়, যেগুলো খুবই নিম্নমানের। চিত্রনাট্য যাচ্ছেতাই, পরিচালকের অবস্থা তেমনই।”
আসছে ঈদে ‘বিনি সুতার মালা’ এবং ‘জলডাঙ্গা’ নামে দুটি টেলিফিল্মে অভিনয় করেছেন ছবি। পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু এবং কাজী আপেল মাহমুদ।
দুটি টেলিছবিই গ্রামীণ পটভূমিকায় নির্মিত হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন ছবি।
‘বিনি সুতার মালা’য় ছবির চরিত্রের নাম কুসুম। কুসুমের বিয়ে হয় উন্মাদ শরীফুলের সঙ্গে। কুসুম প্রথমে মেনে নিতে না পারলেও পরে শরীফুলকে ভালোবেসে ফেলে। তার ভালোবাসায় শরীফুল ভালোও হয়ে ওঠে। তারপর ঘটনাচক্রে কুসুম নিজেই উন্মাদ হয়ে যায়।
শরীফুল চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ।
‘জলডাঙা’ টেলিফিল্মে ছবিকে দেখা যাবে জেলেপাড়ার মহাজনের ভূমিকায়। কৈশোর পেরুতেই সে হারায় তার বাবা ও স্বামীকে। পারিবারিক সূত্রে মহাজনের দায়িত্ব পায় সে।
ছবি এখন ‘সোনালি মেঘের ভেলা’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘শোধ’, ‘কাঁদামাটির মানুষেরা’ নামে চারটি ধারাবাহিকে অভিনয় করছেন।
এছাড়া বিপ্লব হায়দারের ‘জোছনারাতের গল্প’ সিনেমার শুটিংও শেষ করেছেন। সিনেমাতে তিনি ‘মালা’ চরিত্রে অভিনয় করেছেন।
আবদুল্লাহ আল মামুনের ‘চিঠি’ নাটকের ‘পদ্ম’ চরিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন ফারজানা ছবি। এরপর অভিনয় করেছেন আমজাদ হোসেনের ‘সাত নম্বর বাড়ি’, সুমন আনোয়ারের ‘দূর পাহাড়ের বাতাসেরা’, মান্নান হীরার ‘জবাকুসুম’, রাজু খানের ‘মা’, মাতিয়া বানু শুকুর পরিচালনায় ‘সীমানা পেরিয়ে’-সহ আরও অনেক নাটকে। তার অভিনীত ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘জলফড়িংয়ের গান’, ‘জীবন সংসার’, ‘মনপুতুলের সঙযাত্রা’, ‘দশ বছর পরে’, ‘রঙিন ফানুস’, ‘ওয়ারিশ’, ‘পাখি ও মানুষেরা’ প্রভৃতি।
