সাংহাই ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত ভারতের ‘ফড়িং’
চীনের সাংহাইতে হয়ে যাওয়া ১৭তম সাংহাই ফিল্ম ফেস্টিভ্যালে নিজের প্রথম সিনেমা ‘ফড়িং’-এর জন্য এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড শাখায় ভিনসেন্ট ওয়ার্ড পুরস্কার জিতে নিলেন কলকাতার নবীন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী।
এবারের উৎসবে ২৪টি দেশের ২৫৩টি চলচ্চিত্র নিউ ট্যালেন্ট প্রজেক্টের জন্য জমা পড়েছিল। সেখান থেকে আটটি চলচ্চিত্র চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়।
পুরস্কার জয়ের অনুভূতি জানাতে গিয়ে ইন্দ্রনীল ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, “এটা সত্যিই মর্যাদাপূর্ণ পুরস্কার। পরিশ্রম স্বীকৃতি পেলে কার না ভালো লাগে। যারা সিনেমাটি দেখেছেন তাদের সবার ভালো লেগেছে। সিনেমাটি নিয়ে তাদের প্রতিক্রিয়া সত্যিই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।”
২০১৩ সালে মুক্তি পাওয়ার আগেই ২০১২ সালে প্রসাদ ল্যাব পোস্ট প্রোডাকশন কম্পাইলেশন অ্যাওয়ার্ড জিতে নেয় সিনেমাটি। আর মুক্তির পর ‘দোয়েল’ চরিত্রের জন্য সোহিনি সরকার জি বাংলা চ্যানেলের গৌরব সম্মান অ্যাওয়ার্ডের জুরি শাখায় সেরা অভিনেত্রীর পুরস্কার পান।
১৭তম সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা সিনেমার ‘গোল্ডেন গবলেট’ পুরস্কার জিতেছে গ্রিক সিনেমা ‘লিটল ইংল্যান্ড’ । সিনেমার পরিচালক প্যান্টেলিস ভোলগারিস পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার।
একই সিনেমাতে ‘হল’ চরিত্রে অভিনয় করে আবারও গোল্ডেন গবলেটের সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে পুরেছেন পাইনলোপি সিলিকা। ‘দ্য লাস্ট এক্সিকিউশনার’ সিনেমার অভিনেতা ভাথিয়া পানস্রিগ্রাম জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার।
বাংলাদেশি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ সিনেমার জন্য শিনা চৌহান সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত হয়েছিলেন। এছাড়াও সেরা সিনেমা ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছিল সিনেমাটি।
