গ্লাসগোতে দুই বাংলাদেশি নির্মাতার অর্জন
স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে যাওয়া কমনওয়েলথ গেমসের সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে ‘নাইন পয়েন্ট এইট এইট শর্টফিল্ম ফেস্টিভ্যাল’-এ দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন বাংলাদেশি দুই তরুণ নির্মাতা।
প্রতিযোগিতার মূল বিভাগে তৃতীয় হয়েছে এমএইচএম মুবাশশির নির্মিত ‘ডিপেনডেন্স’ এবং ‘দ্য লাস্ট অ্যাক্ট’-এর জন্য কাজী আলী তামাদুন পেয়েছেন স্টুডেন্ট অ্যাওয়ার্ড।
প্রকৃতির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার কথা তুলে ধরা হয়েছে ডিপেনডেন্স সিনেমাটিতে। অভিনয়কে উপজীব্য করে ‘দ্য লাস্ট অ্যাক্ট’ সিনেমায় উঠে এসেছে একই কথা।
প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় হয়েছে ব্রিটিশ নির্মাতা উইল অ্যান্ডারসন নির্মিত ‘ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ড’ ও ডেভ ইয়াং নির্মিত ‘গ্রাউন্ডসম্যান’।
উৎসবে জমা পড়ে প্রায় ছয়শ’ চলচ্চিত্র। এর মধ্য থেকে ২০টি চলচ্চিত্রকে বাছাই করা হয় পুরস্কারের জন্য।
এ বাছাই কাজে বিচারক হিসেবে ছিলেন ব্রিটিশ ডিরেক্টর পল ম্যাকগুইয়ান, ব্রিটিশ ফিল্ম কমিশনের প্রধান ইয়ান স্মিথসহ নয়জন। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন চ্যানেল ফোরের ক্রিয়েটিভ ডাইভার্সিটি পরিচালক স্টুয়ার্ট কসগ্রোভ।
