২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রান্নাঘরই সব ক্ষমতার উৎস’

আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই মুম্বাই ছবিপাড়ায় গুঞ্জন চলছে ইয়াশ রাজ ফিল্মসের উপর রানি মুখার্জির কতৃত্ব বাড়ছে। কিন্তু চোপড়া পরিবারের বড় বৌ বললেন, রান্নাঘরই সকল ক্ষমতার উৎস।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 04:16 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

সম্প্রতি মুক্তি পেয়েছে রানি মুখার্জির নতুন সিনেমা ‘মারদানি’র ট্রেইলার। ট্রেইলার উদ্বোধনের দিন প্রথমবারের মতো নিজের বিবাহিত জীবন খোলাখুলি কথা বলেছেন রানি।

“ঘরেই অনেক ক্ষমতা রয়েছে, বিশেষ করে রান্নাঘরে। অফিসে আমাদের একদল দক্ষ কর্মী রয়েছে। আদি তাদের প্রধান হিসেবে আছেন। মনে হয় না আর কারও দরকার হবে। আমি বরং ঘরের দখলে নেব, অফিসের নয়।‘

তবে সেই সঙ্গে এটাও বললেন বিয়ের পরও রানি মুখার্জিই থাকতে চান তিনি, চোপড়া পদবি নামের সঙ্গে জুড়ছেন না আপাতত।   

“আমার নাম বদলায়নি। আমি চাই সবাই আমাকে রানি বলেই ডাকুক। নিজের নাম আমার অনেক পছন্দ তাই আমি এটা বদলাব না। সিনেমার মাধ্যমে যারা আমাকে চেনে তাদের জন্য আমি সবসময় রানি মুখার্জিই থাকব। তবে বাচ্চাদের স্কুলে ভর্তি করার সময় হয়ত পদবি বদলাতে পারি।”

স্ত্রী ক্যামেরার সামনের মানুষ হলেও ক্যামেরার পেছনের মানুষ আদিত্য চোপড়া আড়ালই পছন্দ করেন। আর তাতে আপত্তি নেই রানির।

“আমরা সবসময় একসঙ্গে থাকি। যে কোনো জায়গায় একসঙ্গেই যাই। তবে আদিত্যর সিদ্ধান্ত ক্যামেরার সামনে আসার চাইতে নিজের কাজের দিকেই বেশি নজর দেওয়া। এটা তার ইচ্ছা আর আমার মনে হয়না আমাদের বিয়ে হওয়ায় এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে।”

Image
শাশুড়ি পামেলা চোপড়ার সঙ্গে রানি মুখার্জি।

শাশুড়ি পামেলা চোপড়ার সঙ্গে রানি মুখার্জি।

রানি আরও বলেন, “যতক্ষণ আদি আমার চোখের সামনে আছেন, আমি খুশি। আর কিছু ভাবার দরকার নেই।”

‘মারদানি’ হবে বিয়ের পর মুক্তি পাওয়া রানির প্রথম সিনেমা। এখানে প্রথমবারের মতো একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে রানিকে।

‘মারদানি’র ব্যাপারে রানি বলেন, “আমার বেশিরভাগ সিনেমাতেই নারীদের জন্য বিশেষ কোনো বার্তা থাকে। আমি খুবই খুশি এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে।”

প্রদীপ সরকার পরিচালিত অ্যাকশন ধাঁচের এই সিনেমাটি মুক্তি পাবে ২২ অগাস্ট।