সাকিবের অন্যরূপ
মাঠে ব্যাট-বলের সঙ্গেই তাকে দেখে অভ্যস্ত আমরা। কিন্তু এবার তাকে দেখা যাবে ভিন্নরূপে। সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে এসে দাঁড়াবেন সাকিব আল হাসান।
রেডিও চ্যানেল ঢাকা এফএম-এর আয়োজনে রমজান মাসে পথশিশুদের জন্য বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এ নিয়ে কথা বলতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় চ্যানেলটির ‘ভালোবাসার বাংলাদেশ’ অনুষ্ঠানে থাকবেন তিনি।
এই প্রসঙ্গে রেডিও চ্যানেলটির প্রধান নির্বাহী আমিনুল হাকিম গ্লিটজকে বলেন, “বিনোদন দেওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমরা থাকতে চাই। আমরা যারা সামর্থ্যবান তাদের একটু সাহায্যেই ঈদের দিন হাসি ফুটবে পথশিশুদের মুখে। এমন দৃশ্য কার না ভালো লাগবে!”
আমিনুল জানান, ‘ভালোবাসার বাংলাদেশ’ অনুষ্ঠানে এই কর্মসূচি ছাড়াও ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলবেন সাকিব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এহতেশাম এবং মেঘলা।
