‘কারিনার সঙ্গে তুলনাকে প্রশংসা মনে করি’
প্রথম সিনেমা ‘হিরোপান্তি’ দিয়েই আলোচনায় চলে এসেছেন জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। তবে সিনেমা মুক্তি পাওয়ার আগে থেকেই ভার্চুয়াল জগতে বেশ সাড়া ফেলেছেন জুনিয়র শ্রফ। কারিনা কাপুর খানের সঙ্গে তার চেহারার মিল খুঁজে পেয়েছেন অনেক দর্শক।
তবে কোনো নায়িকার সঙ্গে তুলনা হওয়টাকে খারাপ চোখে দেখছেন না ২৪ বছর বয়সী এই অভিনেতা।
“আমি প্রথম থেকেই জানি যে আমি সাধারণ ভারতীয় ছেলের মত দেখতে নই। আর কারিনা কাপুরের মত সুন্দরী একজনের সঙ্গে আমার তুলনা করা হচ্ছে, এটা আমার জন্য প্রশংসারই ব্যাপার। মোটকথা যেভাবেই হোক, দর্শক আমাকে চিনতে পারছে এবং আমাকে নিয়ে ভাবছে।”
তবে নায়কদের মধ্যে টাইগার অনুসরণ করেন হৃত্বিককে।
“হৃত্বিকের শুরুটাও হয়েছিল অনেক অবহেলার মধ্য দিয়ে। তাকে বলা হয়েছিল অ্যাকশন অভিনেতা হিসেবে তিনি সফল হতে পারবেন না। কিন্তু ‘কাহো না প্যায়ার হ্যায়’ মুক্তির পর পুরো হিসেবটাই পাল্টে গেলো। আমি নিজের ক্যারিয়ারের সঙ্গে তার মিল খুঁজে পাই।”
জ্যাকি শ্রফের সমসাময়িক অভিনেতা অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরও বলিউডে পা রাখতে যাচ্ছেন।
এ বিষয়ে টাইগার বলেন, “হর্ষবর্ধন আর আমি ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। আমি এখনও পর্দায় তার কাজ দেখিনি, শুধুমাত্র কয়েকটি ছবি দেখেছি যেগুলো দারুণ সুন্দর। যেহেতু রাকেশ ওমপ্রকাশ মেহরার সিনেমার মাধ্যমে তার অভিষেক হবে, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তার কাজ দেখার জন্য।”
