২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলা একাডেমিতে সংগীত উৎসব

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে শনিবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুদিনব্যাপী সংগীত উৎসব। বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এ উৎসবের স্লোগান ‘এসো বিশ্বের সংগীতে কণ্ঠ মেলাই’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 05:16 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

শনিবার বিকাল পাঁচটায় উৎসবের উদ্বোধন করেন প্রবীণ সংগীতশিল্পী সুধীন দাস। এরপর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা।

প্রথমপর্বে আলোচনা সভার শুরুতে চার প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদ, গীতিকবি কে.এম. চাঁদ মিয়া, রবীন্দ্রসংগীত শিল্পী আজাদ হাফিজ, সংগীতশিল্পী ও সংগঠক কিশোর কুমারকে উৎসব উৎসর্গ করা হয়।

আলোচনা সভায় নজরুল সংগীতশিল্পী সুজিত মোস্তফার কণ্ঠে ক্ষোভ ফুটে ওঠে, “একদল ব্যবসায়ী তরুণ শিল্পীদের জোর করে প্রতিভাধর বানাচ্ছে। রিয়েলিটি শো আয়োজন করে হাজার হাজার এসএমএসের মাধ্যমে ভোটাভুটি করে তারকা বানিয়ে দিচ্ছে। অথচ যারা দিনের পর দিন প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা নিচ্ছে, তাদের সুযোগ করে দিচ্ছে না কেউ।”

সুজিত মোস্তফা সংগীতের অবকাঠামোগত উন্নয়নের আহ্বান জানিয়ে বলেন, “শুধু সংগীত দিবস উদযাপন করলেই হবে না, নতুনদের প্রশিক্ষণের বন্দোবস্তও করতে হবে।”

বিশ্ব সংগীতের আধুনিক ধারার সঙ্গে বাংলা গানের মেলবন্ধন করতে গিয়ে শিল্পীরা প্রায়ই ‘ভজঘট’ করে ফেলেন বলে মন্তব্য করেন বামবা সভাপতি হামিন আহমেদ।

“আধুনিক গানের নামে বাংলা গানের মূলধারাকে অগ্রাহ্য করতে হবে, এমন কোনো কথা নেই। শাস্ত্রীয় সংগীতের মতো আধুনিক সংগীতের নানা ধারা নিয়ে পড়াশোনা করতে হবে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি সৈয়দ আবদুল হাদী সমসাময়িক সংগীত নিয়ে শিল্পীদের চলমান বিভেদকে কটাক্ষ করেন।

“উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের সংগীতের লিখিত রূপ বা স্বরলিপি থাকলেও অধিকাংশ বাংলা গানের কোনো স্বরলিপি নেই। স্বরলিপির অভাবে আমরা মূল সুর থেকে বঞ্চিত।”

সংগীতশিল্পীরা নানাভাবে প্রতারিত হচ্ছে বলে দাবি করে অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদের সহ-সভাপতি মাহমুদ সেলিম। সংগীতশিল্পী ও যন্ত্রীদের একই প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান।

সন্ধ্যা ৬টায় সুরের ধারার দলীয় পরিবেশনায় শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে আরও পারফর্ম করেন সাদি মহম্মদ ও তার সংগঠন রবিরাগ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে নজরুল সংগীত শিল্পী পরিষদ, রবিরশ্মি,  ভায়োলিনিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, বাউল একাডেমি ফাউন্ডেশন।

রোববার সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের।

সংগীতে বিশেষ অবদানের জন্য আধুনিক গানের শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী এবং উচ্চাঙ্গ সংগীত শিল্পী পণ্ডিত অমরেশ রায়চৌধুরীকে বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদের ‘বিশেষ সম্মাননা’ জানানোর কথা রয়েছে।

রফিকুল আলম, শাহীন সামাদ, নকীব খান, বাপ্পা মজুমদারের রোববার সংগীত পরিবেশনের কথা রয়েছে।

২০০৭ সাল থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ প্রতিষ্ঠার বছর থেকেই বিশ্ব সংগীত দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকার ৬৩টি সাংস্কৃতিক সংগঠন ইতোমধ্যে সংগঠনের সদস্যপদ পেয়েছে। এছাড়াও ৭টি বিভাগে সংগঠনের শাখা কমিটি আছে। রবীন্দ্রসংগীতশিল্পী তপন মাহমুদ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।